স্বামীর জানাজায় অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

স্বামীর জানাজায় অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৫৪, ১৯ আগস্ট ২০২৬

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করা হয়েছে। স্বামীর জানাজা ও দাফনে অংশ নিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হবে।

বুধবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।

তিনি জানান, বুধবার দুপুর ১২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলি মুন্সীগঞ্জ জেলা কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন। পরে কারাগার থেকে বের হয়ে মায়ের প্যারোলে মুক্তির আবেদন নিয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে আবেদনটি জমা দেন তিনি।

আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল। তবে কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে মঙ্গলবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। তার জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্যই দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হয়।

বর্তমানে ডা. দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।

শেয়ার করুনঃ
Advertisement