১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে স্বামীর লাশ দেখতে বাসায় দীপু মনি
Published : ১২:৩৮, ২০ আগস্ট ২০২৬
কারাবন্দি অবস্থায় ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে প্রয়াত স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের লাশ দেখতে ঢাকার বাসায় পৌঁছেছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ডা. দীপু মনি। স্বামীর মরদেহ দেখে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্যে প্রিজন ভ্যানে করে ঢাকার উদ্দেশে রওনা হন দীপু মনি। পরে সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর কলাবাগানের বাসভবনে পৌঁছান তিনি।
বাসায় ফ্রিজিং ভ্যানে রাখা স্বামী তৌফিক নেওয়াজের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন দীপু মনি। এ সময় পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যেও নেমে আসে শোকের আবহ।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল জানান, কলাবাগানের এই বাসাতেই দীপু মনি ও তৌফিক নেওয়াজের প্রথম পরিচয় হয়েছিল। স্বামীর মরদেহ দেখার পর সেখানে কিছু সময় পরিবারের সদস্যদের সঙ্গে থাকেন তিনি।
পরে তৌফিক নেওয়াজের প্রথম জানাজা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী।
১২ ঘণ্টার প্যারোল
এর আগে বুধবার (১৯ আগস্ট) দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ জেলা প্রশাসকের কাছে মায়ের প্যারোলের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।
সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার প্যারোল কার্যকর থাকবে।
মারা গেছেন ব্যারিস্টার তৌফিক নেওয়াজ
ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দীপু মনি গ্রেপ্তার হন। ওই ঘটনায় দায়ের করা মামলায় তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন।






























