রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
Published : ১৭:২৬, ২৪ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া।
সোমবার দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে সৌদি রাষ্ট্রদূত বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানিয়েছেন।
সৌদি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি দুই দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বাংলাদেশি হজযাত্রীদের যাত্রা আরও সহজ ও স্বস্তিদায়ক করতে রাষ্ট্রপতি বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। বিশেষ করে মিনায় গোসলখানা ও শৌচাগার সুবিধার উন্নয়নের বিষয়টি তুলে ধরেন তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সৌদি রাষ্ট্রদূত।
সৌদি আরবে ৩৫ লাখের বেশি বাংলাদেশি কর্মী কাজ করছেন উল্লেখ করে রাষ্ট্রপতি সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও বাংলাদেশ থেকে অগ্রাধিকার ভিত্তিতে জনশক্তি নিয়োগের আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি সৌদি রাষ্ট্রদূতের মাধ্যমে বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের নেতৃত্বের প্রশংসা করেন এবং মুসলিম উম্মাহর কল্যাণে তাদের ভূমিকার জন্য শুভেচ্ছা জানান।
সৌদি রাষ্ট্রদূত জ্বালানি, সহায়তা ও বিনিয়োগ খাতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কোনো বিদেশি কূটনীতিকের এটি প্রথম সাক্ষাৎ, যা বিশেষ তাৎপর্য বহন করছে। এ সময় রাষ্ট্রপতির সচিব, সামরিক সচিব, প্রেস সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



























