রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শি জিনপিংয়ের অভিনন্দন
Published : ১৯:৪৯, ২৪ আগস্ট ২০২৬
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। সোমবার, ২৪ আগস্ট পাঠানো এক অভিনন্দনবার্তায় তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানান।
বার্তায় চীন ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন শি জিনপিং। তিনি বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর গত ৫১ বছরে দুই দেশ পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়েছে।
চীনের প্রেসিডেন্ট উল্লেখ করেন, উভয় দেশ একে অপরের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়ে সমর্থন দিয়ে এসেছে এবং আধুনিকায়নের পথে একসঙ্গে কাজ করছে। পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতিতেও চীন-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ়তার পরিচয় দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
শি জিনপিং বলেন, বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও শক্তিশালী করতে তিনি কাজ করতে আগ্রহী। তিনি দুই দেশের মধ্যে কৌশলগত যোগাযোগ বৃদ্ধি, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা সম্প্রসারণ এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের মাধ্যমে নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যৎ সম্প্রদায়ের সম্পর্ক আরও গভীর হবে এবং দুই দেশের জনগণ এর সুফল পাবে।
এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট।
নির্বাচনের ফল প্রকাশের পর ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসও মির্জা ফখরুলকে অভিনন্দন জানায়। দূতাবাস এক বার্তায় জানায়, চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং দুই দেশের জনগণের কল্যাণে ‘অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ কমিউনিটি’ গঠনে নিবিড়ভাবে কাজ করতে প্রস্তুত।



























