আমরা ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে নিই, রাজনীতি তার নিজের পথে চলবে: দীনেশ ত্রিবেদী
Published : ১২:৫১, ২৪ আগস্ট ২০২৬
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, দুই দেশের রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়া জরুরি। তার মতে, পারস্পরিক নির্ভরশীলতা বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থায়ী ও উন্নয়নমুখী সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হতে পারে।
সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, সাধারণ মানুষ চাকরি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ভালো সড়ক ও বিদ্যুৎ চায়। বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে এসব ক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের রাজনৈতিক ও অর্থনৈতিক—দুটি দিকই রয়েছে। গণতন্ত্রে রাজনৈতিক ইস্যু থাকবে, তবে সাধারণ মানুষের প্রধান প্রত্যাশা উন্নয়ন। উন্নয়ন ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
দুই দেশের তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণ মেধাবী এবং তরুণদের প্রত্যাশা অনেক। এসব প্রত্যাশা পূরণ করা সবার দায়িত্ব।
তিনি বলেন, ‘ইন্টারডিপেন্ডেন্সি’ বা পারস্পরিক নির্ভরশীলতাই স্থায়ী সমাধানের পথ। উন্নয়নের জন্য বাংলাদেশ ও ভারত একে অপরের ওপর নির্ভর করবে, যা একটি পরিবারের মতো সম্পর্ক তৈরি করবে।
শান্তি ও সমৃদ্ধির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দুই দেশের মানুষের বড় চাওয়া শান্তি। শান্তি থাকলে সমৃদ্ধি আসে। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুই দেশের বড় তরুণ জনগোষ্ঠীর কথা বিবেচনায় রাখা প্রয়োজন।
পোশাক খাতে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। তার ভাষ্য, ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে নেওয়ার পাশাপাশি রাজনৈতিক বিষয়গুলো নিজস্ব গতিতে চলতে পারে।
বাংলাদেশ ও ভারত উভয়ই স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, বড়-ছোট নয়, সমতার ভিত্তিতেই দুই দেশকে কাজ করতে হবে।



























