বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে সীমান্তগুলো কার্যকরে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
Published : ১২:৫৪, ২৪ আগস্ট ২০২৬
বাংলাদেশ-ভারত বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে সীমান্ত বাণিজ্য অবকাঠামো পুরোপুরি কার্যকর করা, বর্ডার হাট পুনরায় চালু এবং স্থলপথে সুতা আমদানি পুনরায় শুরুর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বার্ষিক দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ১৩ বিলিয়ন ডলার। চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে যেসব ক্ষেত্রে উন্নয়নের সুযোগ রয়েছে, সেগুলো নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে। এর মধ্যে স্থলসীমান্তগুলো পুরোপুরি কার্যকর করা, বর্ডার হাট পুনরায় চালু করা এবং স্থলপথে সুতা আমদানি চালুর বিষয় রয়েছে।
সাব্রুমসহ আরও কয়েকটি সড়কসংক্রান্ত বিষয়ও ভারতীয় হাইকমিশনারের পক্ষ থেকে আলোচনায় তোলা হয়েছে বলে জানান তিনি।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের পক্ষ থেকেই আন্তঃবাণিজ্যে কিছু বিধিনিষেধ এসেছে। এরপরও গত বছর দুই দেশের বাণিজ্য প্রায় ১৩ বিলিয়ন ডলার ছিল বলে তিনি উল্লেখ করেন।
তার মতে, বাংলাদেশ-ভারত সম্পর্কের অর্থনৈতিক দিকটি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। এতে ভোক্তারা তুলনামূলক কম দামে পণ্য ও সেবা পাওয়ার সুযোগ পাবেন।
বাণিজ্যমন্ত্রী আরও জানান, ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশের ভৌত ও ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগের লক্ষ্যে উভয় দেশের ব্যবসায়ীদের নিয়ে একটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছেন। বাণিজ্যিক সম্পর্ক জোরদার ও নতুন বিনিয়োগের ক্ষেত্র খোঁজার কাজ চলমান থাকবে বলেও তিনি জানান।



























