সফল আইনজীবী হতে অর্থ নয়, দক্ষতা ও সততাকে অগ্রাধিকার দিন: আইনমন্ত্রী

সফল আইনজীবী হতে অর্থ নয়, দক্ষতা ও সততাকে অগ্রাধিকার দিন: আইনমন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:০৯, ২৮ আগস্ট ২০২৬

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা পেতে হলে শুরুতেই অর্থের পেছনে না ছুটে পেশাগত দক্ষতা, সততা ও নৈতিকতা অর্জনে মনোযোগ দিতে হবে।

রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) অডিটোরিয়ামে আয়োজিত ‘ফেলিসিটেশন প্রোগ্রাম ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ইউএপির আইন বিভাগের গ্র্যাজুয়েটদের সম্মাননা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইনমন্ত্রী বলেন, দুর্নীতি বা শর্টকাটের পথ ধরে দ্রুত বিত্তশালী হওয়ার চেষ্টা না করে মেধা, কঠোর পরিশ্রম, সততা ও নৈতিকতার মাধ্যমে আদর্শ আইনজীবী হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষা স্বচ্ছ ও কঠোর করার লক্ষ্য হলো মেধা ও যোগ্যতার ভিত্তিতে আইন পেশায় প্রবেশ নিশ্চিত করা। এ পরীক্ষায় উত্তীর্ণরা কারও অনুকম্পায় নয়, নিজেদের যোগ্যতার ভিত্তিতেই সনদ অর্জন করেছেন।

নবীন আইনজীবীদের ধৈর্য ধরে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, পেশাজীবনের শুরুতে কাজ ও পারিশ্রমিক কম হতে পারে। তবে অভিজ্ঞতার সঙ্গে দক্ষতা, কাজের পরিধি এবং আয় বাড়ে। তাই শুরুতে অর্থের চেয়ে দক্ষতা অর্জনকে অগ্রাধিকার দিতে হবে।

আইনজীবীদের সামাজিক দায়িত্বের কথাও তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য, পারিশ্রমিকের বিনিময়ে মামলা পরিচালনার পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে কিছু মামলা বিনামূল্যে পরিচালনার চেষ্টা করা উচিত।

নিয়মিত পড়াশোনা, আইনচর্চা ও উন্নত ড্রাফটিং দক্ষতার ওপর গুরুত্ব দিয়ে আইনমন্ত্রী বলেন, আইন পেশায় প্রতিদিন শেখার সুযোগ রয়েছে। আইনজীবীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণব্যবস্থা জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে. এম. মজিবুল হক, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া এবং স্কুল অব ল’-এর ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এম. এ. বাকি খলিলিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement