ন্যাশনাল এডিটরস কাউন্সিলের প্রথম সাধারণ সভা, নেতৃত্বে শফিক রেহমান-মাহমুদুর রহমান

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের প্রথম সাধারণ সভা, নেতৃত্বে শফিক রেহমান-মাহমুদুর রহমান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৩৯, ১ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে অনুষ্ঠিত হলো ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) প্রথম সাধারণ সভা। সভায় সর্বসম্মতিক্রমে ‘যায়যায়দিন’ সম্পাদক শফিক রেহমানকে অন্তর্বর্তীকালীন সভাপতি এবং ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ‘ওয়াদা’ সম্পাদক শফিকুল আলম পেয়েছেন কোষাধ্যক্ষের দায়িত্ব।

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সভায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রকাশিত ২৯টি দৈনিক পত্রিকার সম্পাদক অংশ নেন। সভায় সংগঠনের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের পাশাপাশি সংশোধিত গঠনতন্ত্রও অনুমোদন করা হয়।

সভায় বক্তব্য দিতে গিয়ে এনইসির অন্তর্বর্তীকালীন সভাপতি শফিক রেহমান বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, দীর্ঘ সময়ের রাজনৈতিক পরিস্থিতি ও সাংবাদিকদের সংগ্রামের মধ্য দিয়ে সংবাদপত্রের স্বাধীনতার নতুন সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে অতীতে সরকারের সঙ্গে আপস ও চাটুকারিতার মাধ্যমে গণমাধ্যমের একটি অংশ যে ভূমিকা রেখেছিল, সেটি নিয়েও আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি। দেশের বিভিন্ন প্রান্তের সম্পাদকদের নিয়ে এনইসিকে আরও শক্তিশালী ও কার্যকর একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার কথা জানান তিনি।

সভায় ‘যুগান্তর’ সম্পাদক আব্দুল হাই শিকদার সাংবাদিকতার মূল দায়িত্ব হিসেবে ক্ষমতার প্রশংসার পরিবর্তে প্রশ্ন তোলার ওপর গুরুত্ব দেন। তিনি গণমুখী সাংবাদিকতার পথিকৃৎ কাজী নজরুল ইসলামের স্মরণে প্রতিবছর ‘নজরুল পদক’ প্রবর্তনের প্রস্তাব দেন। উপস্থিত সম্পাদকরা সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গ্রহণ করেন।

সাধারণ সভায় আরও বক্তব্য ও মতামত দেন বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকের সম্পাদকরা। তাঁদের মধ্যে ছিলেন নয়া দিগন্তের সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, প্রতিদিনের বাংলাদেশের মারুফ কামাল খান, নিউ নেশনের মোকাররম হোসেন, বাংলাদেশ প্রতিদিনের লোটন একরাম, মানবকণ্ঠের শহিদুল ইসলামসহ দেশের বিভিন্ন অঞ্চলের আরও সম্পাদকরা।

শেয়ার করুনঃ
Advertisement