ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান
Published : ১৪:৩০, ১ সেপ্টেম্বর ২০২৬
ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে ‘যায়যায়দিন’ সম্পাদক শফিক রেহমানকে অন্তর্বর্তীকালীন সভাপতি এবং ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ‘ওয়াদা’ সম্পাদক শফিকুল আলম কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে এনইসির এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রকাশিত ২৯টি দৈনিক পত্রিকার সম্পাদক অংশ নেন।
সভায় সংগঠনের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের পাশাপাশি কিছু সংশোধনীসহ এনইসির গঠনতন্ত্র অনুমোদন করেন উপস্থিত সম্পাদকরা।
সভাপতির বক্তব্যে শফিক রেহমান বলেন, দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন এবং শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে সংবাদপত্রের স্বাধীনতা ফিরে এসেছে। একই সময়ে সরকারের পক্ষে ভূমিকা রাখা সম্পাদকদের একটি অংশের কর্মকাণ্ড নিয়েও আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এনইসিকে দেশের বিভিন্ন অঞ্চলের সম্পাদকদের একটি শক্তিশালী ও বিস্তৃত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন মাহমুদুর রহমান।
সভায় যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার বলেন, গণমাধ্যমের কাজ শুধু প্রশংসা করা নয়, বরং প্রশ্ন তোলা। তিনি বিগত ১৭ বছরের সাংবাদিকতাকে কঠোরভাবে মূল্যায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
এ সময় উপমহাদেশের গণমুখী সাংবাদিকতার পথিকৃৎ কাজী নজরুল ইসলামের নামে প্রতিবছর ‘নজরুল পদক’ চালুর প্রস্তাব দেন আব্দুল হাই শিকদার। সভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়।
সাধারণ সভায় নয়া দিগন্ত সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান, নিউ নেশন সম্পাদক মোকাররম হোসেন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক লোটন একরাম, মানবকণ্ঠ সম্পাদক শহিদুল ইসলাম, খবর সংযোগ সম্পাদক শেখ নজরুল ইসলামসহ বিভিন্ন পত্রিকার সম্পাদকরা বক্তব্য ও মতামত দেন।
এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের সম্পাদকদের মধ্যে বাংলাদেশের খবরের সৈয়দ মেজবাহ উদ্দিন, ভোরের ডাক সম্পাদক কে এম বেলায়েত হোসেন, জনতা সম্পাদক ওবায়দুর রহমান শাহীন, দ্য বাংলাদেশ পোস্ট সম্পাদক সদরুল হাসান, বাণিজ্য প্রতিদিন সম্পাদক গিয়াস উদ্দিন, খোলা কাগজ সম্পাদক মনির হোসেন, রূপালী বাংলাদেশের সায়েম ফারুকী, ভোরের বাংলা সম্পাদক শেখ মুহাম্মদ আরিফসহ অনেকে সভায় অংশ নেন।



























