অঝোরে কাঁদলেন মির্জা আব্বাস, যা বললেন সংসদে

অঝোরে কাঁদলেন মির্জা আব্বাস, যা বললেন সংসদে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৪৪, ৩ সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পান তিনি। বক্তব্যের শুরুতেই আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন এই সংসদ সদস্য।

অধিবেশন শুরুর কিছুক্ষণ পর বক্তব্যে মির্জা আব্বাস বলেন, সংসদ সদস্য হিসেবে সংসদে ফিরে আসার চেয়ে আনন্দ ও গর্বের বিষয় তার জন্য আর কিছু হতে পারে না। চিকিৎসা পুরোপুরি শেষ না হলেও আবেগ ও ভালোবাসা থেকেই সংসদে উপস্থিত হয়েছেন বলে জানান তিনি।

তিনি বলেন, আজকের দিনটি তার রাজনৈতিক জীবনের অত্যন্ত আবেগঘন ও স্মরণীয় একটি দিন। ২০০৬ সালের পর এই প্রথম জাতীয় সংসদের পবিত্র কক্ষে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘ চিকিৎসা
নিজের অসুস্থতার প্রসঙ্গ তুলে মির্জা আব্বাস জানান, বর্তমান সংসদের যাত্রা শুরুর পর গত ১১ মার্চ তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর দীর্ঘ সময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নিতে হয়েছে তাকে।

শারীরিক অসুস্থতার কারণে সংসদের অধিবেশনে অংশ নেওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও তা সম্ভব হয়নি বলে জানান তিনি। এখনও তার চিকিৎসা পুরোপুরি শেষ হয়নি উল্লেখ করে চিকিৎসার মাঝপথে সংসদে উপস্থিত হতে পারায় মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এই বিএনপি নেতা।

দোয়া ও পাশে থাকার জন্য কৃতজ্ঞতা
দুঃসময়ে যারা তার সুস্থতার জন্য দোয়া করেছেন, নিয়মিত খোঁজ নিয়েছেন এবং পাশে থেকেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান মির্জা আব্বাস।

আবেগঘন বক্তব্যে তিনি বলেন, কঠিন সময়ে পাওয়া মানুষের ভালোবাসা ও সমর্থন তার জন্য অত্যন্ত মূল্যবান। সংসদে ফিরে সহকর্মী ও দেশবাসীর সঙ্গে কথা বলার সুযোগ পাওয়াকে রাজনৈতিক জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবেও উল্লেখ করেন তিনি।

শেয়ার করুনঃ
Advertisement