ক্ষমতায় বিএনপি, প্রত্যেক নেতাকর্মীই সরকারের অংশ: রিজভী

ক্ষমতায় বিএনপি, প্রত্যেক নেতাকর্মীই সরকারের অংশ: রিজভী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:২২, ১২ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি এখন ক্ষমতায় থাকায় দলের প্রত্যেক নেতাকর্মীকে মন্ত্রী-এমপি হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপির প্রত্যেক নেতাকর্মীই সরকারের অংশ এবং জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন ও সেগুলো জনগণের কাছে তুলে ধরাই এখন তাদের প্রধান দায়িত্ব।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধনের আগে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বিএনপি ক্ষমতায় থাকায় নেতাকর্মীদের নতুন করে পাওয়ার বা পদ পাওয়ার প্রত্যাশা না রেখে সরকারের অংশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, এখন বিএনপির নেতাকর্মীরা নির্বিঘ্নে কথা বলতে ও চলাফেরা করতে পারছেন। অতীতে মহিলা দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ সংগঠনের নেত্রীদের অতীতের রাজনৈতিক হয়রানি ও কারাবাসের প্রসঙ্গ তুলে ধরেন রিজভী।

তিনি বলেন, অতীতে মহিলা দলের অনেক নেত্রীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে এবং বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। এসব অভিজ্ঞতা বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা করে দেখার আহ্বান জানান তিনি।

রিজভী বলেন, বিএনপির নেতৃত্বাধীন সরকারে মহিলা দলের নেতাকর্মীদেরও অংশ রয়েছে। সংগঠনের নেত্রীদের কেউ সংসদ সদস্য ও মন্ত্রী হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

সরকারের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে নেতাকর্মীদের জানার পাশাপাশি সেগুলো জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানান রিজভী। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা ও নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগগুলো মানুষের কাছে তুলে ধরতে বলেন তিনি।

‘ফ্যামিলি কার্ড’ প্রসঙ্গে রিজভী বলেন, অসহায় ও দুস্থ পরিবারের নারীদের এ কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

নারীর ক্ষমতায়নের জন্য শিক্ষা ও আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া জরুরি উল্লেখ করে তিনি বলেন, সরকার এ দুটি ক্ষেত্রেই বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

অতীতে আওয়ামী লীগ সরকারের সময় রাজপথের আন্দোলনে মহিলা দলের নেতাকর্মীদের ভূমিকার কথাও স্মরণ করেন রিজভী। পুলিশের বাধা, মামলা, রিমান্ড ও গ্রেপ্তারের মধ্যেও তারা আন্দোলনে ছিলেন বলে উল্লেখ করেন তিনি।

এখন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের জনকল্যাণমূলক ও নারীর ক্ষমতায়নমূলক কর্মসূচি বাস্তবায়নে মহিলা দলের নেতাকর্মীদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

রিজভী বলেন, বিএনপি সরকার দেশের মানুষের আর্থিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের জন্য কী ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছে, তা নেতাকর্মীদের জানতে ও বুঝতে হবে। এরপর এসব কর্মসূচির সুফল জনগণের কাছে তুলে ধরতে হবে।

পরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন রিজভী। এ সময় সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement