স্থগিত হলো প্রধানমন্ত্রীর ফেনী সফর, নতুন তারিখ ১ অক্টোবর

স্থগিত হলো প্রধানমন্ত্রীর ফেনী সফর, নতুন তারিখ ১ অক্টোবর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:১২, ১৩ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বনির্ধারিত ফেনী সফর স্থগিত করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর সফরটি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে নতুন তারিখ ১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সফরের তারিখ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন ফেনীর জেলা প্রশাসক মো. মাহবুবউল করিম। তিনি বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত করা হয়েছে। নতুন করে ১ অক্টোবর ফেনী সফরের তারিখ নির্ধারণ করা হয়েছে।

সফর স্থগিত হলেও পরশুরাম ও ফুলগাজী উপজেলায় প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে নেওয়া প্রস্তুতি অব্যাহত রয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী পরশুরামে সম্প্রতি একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প’-এর উদ্বোধন করবেন।

ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু বলেন, মুহুরী ও কহুয়া নদীতীরবর্তী বিস্তীর্ণ এলাকাকে বন্যা ও নদীভাঙনের ক্ষতি থেকে রক্ষায় প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরের তারিখ পিছিয়ে গেলেও এ নিয়ে স্থানীয় মানুষের আগ্রহ ও উৎসাহে কোনো ভাটা পড়েনি।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া জানান, সভাস্থলে বিশুদ্ধ পানির ট্যাংক ও পোর্টেবল টয়লেট স্থাপনসহ সফর ঘিরে সার্বিক প্রস্তুতি সমন্বিতভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, একই সফরে পার্শ্ববর্তী ফুলগাজী উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ এবং খালেদা জিয়ার মহিলা কলেজ সরকারীকরণের কর্মসূচিও রয়েছে। সফরের নতুন তারিখ নির্ধারণ হওয়ায় এসব কর্মসূচির প্রস্তুতিও চলমান রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement