মোদির নৈশভোজে গেলেন না শি জিনপিং
Published : ১৩:৪৮, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রিকস সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই ধারাবাহিকতায় শনিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও বৈঠক করেন তিনি। তবে বৈঠকের পর মোদির দেওয়া রাষ্ট্রনেতাদের সম্মানে নৈশভোজে অংশ নেননি চীনা প্রেসিডেন্ট।
শনিবার রাতে নয়াদিল্লির ভারত মণ্ডপমে ব্রিকসের সদস্য ও আমন্ত্রিত রাষ্ট্রনেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন নরেন্দ্র মোদি। এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বেশ কয়েকজন রাষ্ট্রনেতা অংশ নিলেও শি জিনপিংকে সেখানে দেখা যায়নি।
চীনা প্রেসিডেন্টের নৈশভোজে অনুপস্থিত থাকার বিষয়ে তার প্রতিনিধিদলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সম্মেলন ও দ্বিপক্ষীয় বৈঠকের ব্যস্ততা শেষে বিশ্রামের জন্য তিনি হোটেলে ফিরে যান।
এর আগে শনিবার দুপুর ১২টার কিছু আগে দিল্লিতে পৌঁছান শি জিনপিং। দুই দিনের সফরে ভারতে আসা চীনা প্রেসিডেন্ট ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। প্রায় সাত বছর পর তার ভারত সফরকে দুই দেশের সম্পর্কের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
নৈশভোজে শি জিনপিংয়ের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিও উপস্থিত ছিলেন না। দেশটির হয়ে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়া আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ সম্মেলন শেষে ব্যস্ততার কারণে দেশে ফিরে যান।
অন্যদিকে নৈশভোজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ আমন্ত্রিত অন্যান্য রাষ্ট্রনেতারা অংশ নেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার কয়েকজন সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন নির্মলা সীতারমণ, পীযূষ গোয়েল, অশ্বিনী বৈষ্ণব ও শিবরাজ সিং চৌহান।
লোকসভার স্পিকার ওম বিড়লা এবং কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীও নৈশভোজে যোগ দেন। তারা সংসদ ভবন থেকে দুটি বাসে করে ভারত মণ্ডপমে যান।
শনিবার শুরু হওয়া ব্রিকস সম্মেলন রোববার শেষ হওয়ার কথা রয়েছে। এবারের সম্মেলনে ব্রিকসের ১১টি সদস্যদেশ এবং ১০টি সহযোগী দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
সূত্র: আনন্দবাজার।


































