সাবালেঙ্কার স্বপ্নভঙ্গ, ইউএস ওপেন জিতলেন রিবাকিনা
Published : ১৩:৫৩, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইউএস ওপেনে টানা তৃতীয় শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হলো না আরিনা সাবালেঙ্কার। শনিবার (১২ সেপ্টেম্বর) নিউইয়র্কের ফ্লাশিং মেডোজে উত্তেজনাপূর্ণ ফাইনালে এলেনা রিবাকিনার কাছে ৬-৪, ৫-৭, ৬-২ গেমে হেরে গেছেন বেলারুশের এই তারকা।
শিরোপা ধরে রাখার চাপ যে ম্যাচে তার আবেগ নিয়ন্ত্রণে প্রভাব ফেলেছিল, ম্যাচ শেষে তা স্বীকার করেছেন সাবালেঙ্কা। পুরো ফাইনালে রিবাকিনা ছিলেন শান্ত ও স্থির। বিপরীতে একাধিকবার মেজাজ হারাতে দেখা যায় সাবালেঙ্কাকে। ম্যাচের একপর্যায়ে গ্যালারিতে বল ছুড়ে মারার পর নিজের র্যাকেটও ভেঙে ফেলেন তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাবালেঙ্কা বলেন, গ্র্যান্ডস্লাম ফাইনালে হেরে যাওয়া এবং টানা তৃতীয় শিরোপার খুব কাছে গিয়েও ব্যর্থ হওয়ার পর আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছিল। নিজের ভেতরের রাগ বের করে না দিলে পরিস্থিতি আরও কঠিন হয়ে যেত বলেও জানান তিনি।
তবে প্রতিপক্ষের পারফরম্যান্সের প্রশংসা করতে কার্পণ্য করেননি সাবালেঙ্কা। তার শক্তিশালী শটগুলো দক্ষতার সঙ্গে সামলে নিয়ে পাল্টা আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ নেন রিবাকিনা। শেষ সেটে দাপট দেখিয়ে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ডস্লাম শিরোপা এবং ফ্লাশিং মেডোজে নিজের প্রথম ইউএস ওপেন ট্রফি জিতে নেন কাজাখস্তানের এই তারকা।
রিবাকিনার প্রশংসা করে সাবালেঙ্কা বলেন, তিনি অত্যন্ত আক্রমণাত্মক ও দুর্দান্ত টেনিস খেলেছেন এবং ওই দিন স্পষ্টতই তার চেয়ে ভালো খেলোয়াড় ছিলেন।
ফাইনালের আগেই বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছিলেন রিবাকিনা। এর মধ্য দিয়ে টানা ৯৯ সপ্তাহ শীর্ষে থাকা সাবালেঙ্কার রাজত্বেরও অবসান ঘটে। বিষয়টি নিয়ে অবশ্য হাস্যরসও করেছেন সাবালেঙ্কা। রিবাকিনা তার দীর্ঘদিনের এক নম্বর থাকার রেকর্ড ভাঙতে পারবেন কি না, সেটিই এখন দেখার বিষয় বলে মন্তব্য করেন তিনি।
এবার অবশ্য গ্যালারির পূর্ণ সমর্থন পেয়েছিলেন সাবালেঙ্কা। আগের তিন ইউএস ওপেন ফাইনালে আমেরিকান খেলোয়াড়দের মুখোমুখি হওয়ায় দর্শকদের সমর্থন সেভাবে পাননি তিনি। কিন্তু এবার আর্থার অ্যাশ স্টেডিয়ামের দর্শকদের বড় অংশই ছিল তার পাশে।
দর্শকদের এই ভালোবাসার প্রতিদান শিরোপা জিতে দিতে চেয়েছিলেন বলেও জানান সাবালেঙ্কা। তার ভাষায়, পুরো ম্যাচে তার মনে হচ্ছিল যেন তিনি নিজেই একজন আমেরিকান খেলোয়াড়। তবে শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হয়নি।
এই পরাজয়ে ইউএস ওপেনে সাবালেঙ্কার টানা ২০ ম্যাচের জয়ের ধারাও থেমে গেল। একই সঙ্গে উন্মুক্ত যুগে সেরেনা উইলিয়ামস ও ক্রিস এভার্টের পর টানা তিনবার ইউএস ওপেন জেতা তৃতীয় নারী খেলোয়াড় হওয়ার বিরল কীর্তি গড়ার সুযোগও হাতছাড়া হলো তার।
































