এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়, বার্সার সঙ্গে পয়েন্ট সমান
Published : ১৪:০৩, ১৩ সেপ্টেম্বর ২০২৬
লা লিগায় জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রায়ো ভায়েকানোকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। দলের জয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এছাড়া জুড বেলিংহাম ও আলভারো কারেরাস একটি করে গোল করেন। রায়োর হয়ে একমাত্র গোলটি করেন সার্জিও কামেয়ো।
এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে ফেলেছে রিয়াল। এর আগে বেটিসের মাঠে মৌসুমের প্রথম পরাজয়ের মুখ দেখেছিল তারা।
ম্যাচের শুরু থেকেই রায়োর রক্ষণে চাপ তৈরি করে রিয়াল। এমবাপ্পের একটি পেনাল্টির আবেদন নাকচ হওয়ার পর ১৩ মিনিটে কারেরাসকে ফাউল করা হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পটকিক থেকে ঠান্ডা মাথায় গোল করে রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে।
এর মাত্র তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। এমবাপ্পের সঙ্গে দ্রুত পাস আদান-প্রদান করে বক্সে ঢুকে গোল করেন কারেরাস। এরপরও আক্রমণ অব্যাহত রাখে স্বাগতিকরা। ভিনিসিয়ুস জুনিয়রের একাধিক প্রচেষ্টা রুখে দেন রায়োর গোলরক্ষক।
তবে ৩৫ মিনিটে আর রিয়ালকে ঠেকাতে পারেনি সফরকারীরা। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে ভিনিসিয়ুস দারুণ পাস বাড়ালে প্রথম স্পর্শেই বল জালে পাঠান বেলিংহাম। ফলে বিরতির আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।
প্রথমার্ধের শেষ দিকে এমবাপ্পের জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে রায়োর একটি বিপজ্জনক শটও দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন রিয়ালের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কুর্তোয়া।
বিরতির পর ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে রায়ো। দিয়াজের শট পোস্টে লাগার পর আদ্রিয়া পেদ্রোসের প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৫১ মিনিটে রিয়ালের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান কমান কামেয়ো। আন্তোনিও রুডিগারের ভুল পাস থেকে বল পেয়ে রায়োর এক খেলোয়াড় তা কামেয়োর দিকে বাড়িয়ে দিলে কাছ থেকে গোল করেন তিনি।
এরপর কয়েকবার রিয়ালের গোলরক্ষক কুর্তোয়ার পরীক্ষা নেয় রায়ো। তবে ইয়ান দিয়োমান্দের বদলে আর্দা গুলার মাঠে নামার পর ফের ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রিয়াল। রুডিগার ও গুলারের দুটি প্রচেষ্টা রুখে দেন রায়োর গোলরক্ষক। ৮৩ মিনিটে এমবাপ্পের ভলিও ঠেকিয়ে দেন তিনি।
তবে যোগ করা সময়ে আর রিয়ালকে থামানো যায়নি। আর্দা গুলারের পাস বক্সে পেয়ে নিচু শটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। এর ফলে চলতি মৌসুমে লা লিগায় ফরাসি তারকার গোলসংখ্যা দাঁড়াল ছয়ে, আর সব প্রতিযোগিতা মিলিয়ে সাত।
জোড়া গোলের পাশাপাশি ম্যাচে আরও একটি কীর্তি গড়েছেন এমবাপ্পে। ২০১৬ সালের পর প্রথম ফুটবলার হিসেবে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের প্রথম ১৭ মিনিটের মধ্যেই গোল ও অ্যাসিস্ট করার নজির গড়েছেন তিনি।
































