ভারতের সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক চায় বাংলাদেশ
Published : ১৬:১৫, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও কার্যকর করতে বাংলাদেশ আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রোববার (১৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে জাতিসংঘ অধিবেশনের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি সাইডলাইনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এসব আলোচনায় রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে বলে জানান প্রতিমন্ত্রী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, তার নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি ছিল। এ ঘটনাকে তিনি জাতিসংঘের জন্য লজ্জাজনক বলেও মন্তব্য করেন।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঢাকা ভারতের সঙ্গে একটি নতুন ও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে চায়। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে পারস্পরিক সহযোগিতা ও আলোচনার মাধ্যমে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তে হত্যা বন্ধ করা এবং এ-সংক্রান্ত জটিলতার সমাধান কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমেই করা হবে।
বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার করা অর্থ ফেরত আনতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ার প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি।



























