নবম জাতীয় পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা
Published : ১৩:৩৯, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ অনুমোদন করেছে সরকার। নতুন কাঠামোয় আগের মতোই ২০টি গ্রেড রাখা হয়েছে। তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের প্রারম্ভিক মূল বেতনে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।
নতুন পে-স্কেলে ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ১ম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।
সিদ্ধান্ত অনুযায়ী, নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হিসেবে গণ্য হবে। তবে বর্ধিত বেতনের আর্থিক সুবিধা একসঙ্গে দেওয়া হবে না। মূল বেতন তিন ধাপে সমন্বয় করা হবে। প্রথম ধাপে নির্ধারিত অংশ কার্যকর করার পর পরবর্তী দুই ধাপে বাকি অংশ সমন্বয় করা হবে।
এদিকে বাড়িভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। ফলে নতুন পে-স্কেল অনুমোদিত হলেও সব ধরনের আর্থিক সুবিধা তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে না।
নতুন কাঠামোয় ২০টি গ্রেড এবং প্রতিটি গ্রেডের প্রস্তাবিত ধাপ সংখ্যা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে ১ম, ৮ম ও ৯ম গ্রেডের প্রারম্ভিক মূল বেতনের ক্ষেত্রে সংশোধন করা হয়েছে।
জাতীয় বেতন কমিশন ১ম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিল। পরে সচিব কমিটি তা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করার সুপারিশ করে। শেষ পর্যন্ত এই পরিমাণই নতুন বেতন কাঠামোয় নির্ধারণ করা হয়েছে।
৮ম ও ৯ম গ্রেডের ক্ষেত্রেও কমিশনের প্রস্তাবের তুলনায় বেতন বৃদ্ধির হার কিছুটা কমানো হয়েছে। কমিশন এই দুই গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ১০৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করলেও সচিব কমিটি তা কমিয়ে ১০০ শতাংশ করার সুপারিশ করে। অন্যান্য গ্রেডে কমিশনের প্রস্তাব অনুযায়ী প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার বহাল রাখা হয়েছে।
নতুন পে-স্কেলে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের প্রারম্ভিক মূল বেতনের ব্যবধানও কমেছে। বিদ্যমান কাঠামোয় এই অনুপাত ছিল ১:৯ দশমিক ৪৫। নতুন কাঠামোয় তা কমিয়ে ১:৭ দশমিক ৮ করা হয়েছে।
নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার সময় মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং দেশের সামগ্রিক আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে। এসব বিষয় পর্যালোচনা করেই জাতীয় বেতন কমিশন, ২০২৫-এর প্রস্তাবে কিছুটা সংশোধন আনা হয়েছে।
সব মিলিয়ে নতুন পে-স্কেলে ২০টি গ্রেড বহাল রেখে সর্বনিম্ন গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী বেতন সমন্বয় হবে তিন ধাপে।































