আন্তর্জাতিক বাজারে দাম কমার মধ্যে জ্বালানি তেলের বাড়তি মূল্য প্রত্যাহারের দাবি
Published : ১২:১৮, ২১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার সময় দেশে মধ্যরাতে বাড়ানো জ্বালানি তেলের মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, বিশ্ববাজারে বর্তমানে জ্বালানি তেলের দাম নিম্নমুখী। এর মধ্যে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতি, জ্বালানি সংকটে বিভিন্ন শিল্প-কারখানা বন্ধ এবং বেকারত্ব বৃদ্ধির কারণে অর্থনৈতিক ও সামাজিকভাবে চাপ তৈরি হয়েছে।
সংগঠনটির দাবি, নতুন সরকার দায়িত্ব নেওয়ার সাত মাসের মধ্যে দুই দফা জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এর ফলে যাতায়াত, যোগাযোগ, পণ্য ও যাত্রী পরিবহন এবং শিল্প উৎপাদনের খরচ আরও বাড়বে বলে আশঙ্কা করছে তারা।
যাত্রী কল্যাণ সমিতি বলছে, সংকটময় সময়ে জ্বালানি তেলের বাড়তি মূল্য প্রত্যাহার করে আগের দাম বহাল করা প্রয়োজন। একই সঙ্গে জনস্বার্থে প্রয়োজন অনুযায়ী জ্বালানি খাতে ভর্তুকি দেওয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি।
মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, দেশের আর্থিক সংকটের সময়ে জ্বালানি খাতে সহায়তা দিয়ে অর্থনীতির কার্যক্রম সচল রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মাধ্যমে সংকটে থাকা মানুষের পাশে থাকা সরকারের দায়িত্ব।






























