ইবির ফুটবল মাঠে উত্তেজনা, থ্রো-ইনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৭

ইবির ফুটবল মাঠে উত্তেজনা, থ্রো-ইনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৭ ছবি: সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

Published : ১৮:২৫, ২১ সেপ্টেম্বর ২০২৬

আন্তঃবিভাগ ফুটবল ম্যাচ চলছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে। ম্যাচের শেষদিকে একটি থ্রো-ইন নিয়ে শুরু হওয়া তর্কাতর্কি একপর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অন্তত সাত শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, থ্রো-ইন নিয়ে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে লাঠি ও চেয়ার নিয়েও সংঘর্ষে জড়িয়ে পড়েন কয়েকজন শিক্ষার্থী।

ঘটনার পর আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তাদের মধ্যে একজনের অবস্থা বিবেচনায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আরও দুই শিক্ষার্থী মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

সংঘর্ষের কারণে ম্যাচটি স্থগিত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি মীমাংসারও উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, পরবর্তী সিদ্ধান্ত রেফারি নিয়ম অনুযায়ী নেওয়া হবে।

এদিকে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

শেয়ার করুনঃ
Advertisement