মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সঙ্গে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের আগ্রহ
Published : ১৮:৩১, ২১ সেপ্টেম্বর ২০২৬
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। বিশেষ করে মৎস্য চাষ, প্রাণিসম্পদ, সামুদ্রিক মৎস্য ও ব্লু ইকোনমির বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানের সাইডলাইনে বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং ইতালির কৃষি, খাদ্য সার্বভৌমত্ব ও বন মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি অব স্টেট লুইজি দে'এরামোর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের খাদ্যনিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান ও মানুষের জীবিকায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতের অবদানের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি জানান, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের খামারিরাও কৃষক কার্ডের আওতায় আসবেন এবং কৃষকদের মতো সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিমন্ত্রী বলেন, টেকসই, জলবায়ু-সহনশীল ও প্রযুক্তিনির্ভর মৎস্য চাষব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ কাজ করছে। এ ক্ষেত্রে উন্নত প্রযুক্তি, গবেষণা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইতালির সঙ্গে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।
বৈঠকে মৎস্য, ব্লু ইকোনমি ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়। এ লক্ষ্যে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।
বৈঠকে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম রকিবুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. সাইফুল ইসলাম এবং ইকনমিক কাউন্সিলর মো. আল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
































