জঙ্গলে মিলল বেওয়ারিশ নবজাতক, উদ্ধার করে বাড়িতে নিলেন স্থানীয় ব্যক্তি
Published : ১৮:২৮, ২১ সেপ্টেম্বর ২০২৬
বগুড়ার ধুনটে মসজিদে যাতায়াতের রাস্তার পাশের জঙ্গল থেকে এক বেওয়ারিশ নবজাতককে উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ভোরে রাস্তার পাশের জঙ্গল থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান এক ব্যক্তি। পরে সেখানে গিয়ে একটি নবজাতককে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পূর্ব গুয়াডহরী গ্রামের মিজানুর রহমান শিশুটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান।
নবজাতক উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে শিশুটিকে দেখতে মিজানুর রহমানের বাড়িতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ ভিড় করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় নবজাতকটিকে সেখানে রেখে যাওয়া হতে পারে। তবে কে বা কারা এবং কী কারণে শিশুটিকে সেখানে রেখে গেছে, তা এখনো জানা যায়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, নবজাতকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে নবজাতকের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
































