জ্বালানি তেলের পর বাড়ল বাসভাড়া, কিলোমিটারে ১৭ পয়সা

জ্বালানি তেলের পর বাড়ল বাসভাড়া, কিলোমিটারে ১৭ পয়সা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:১৯, ২২ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার দেশের বাসভাড়াও সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লা ও নগর পরিবহনে প্রতি কিলোমিটারে বাসভাড়া ১৭ পয়সা বাড়বে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে জ্বালানি তেলের বাড়তি দামের প্রভাব বিবেচনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দেয়। তাদের সুপারিশে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বাড়ানোর কথা বলা হয়েছিল। তবে বৈঠকে শেষ পর্যন্ত উভয় ক্ষেত্রেই ১৭ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে।

এর আগে ২০ সেপ্টেম্বর রাতে সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। ২১ সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হয়। ফলে ডিজেল ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, পেট্রল ১৪০ থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা হয়েছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর পরিবহন মালিকদের পক্ষ থেকে ভাড়া সমন্বয়ের দাবি ওঠে। এর ধারাবাহিকতায় এবার নতুন ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত হলো।

এর আগে চলতি বছরের এপ্রিলে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর পর বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল।

সর্বশেষ নির্ধারিত ভাড়ায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বড় বাসের ভাড়া ছিল কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪২ পয়সা। দূরপাল্লার ৫২ আসনের বাসে ভাড়া ছিল কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা।

নতুন করে ১৭ পয়সা বৃদ্ধির ফলে এসব রুটে ভাড়ার হার আরও বাড়বে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নতুন ভাড়ার তালিকা প্রকাশের পরই তা কার্যকর হবে।

শেয়ার করুনঃ
Advertisement