যান্ত্রিক ত্রুটিতে মেট্রোরেলে ধীরগতি, অফিস সময়ে বাড়ল যাত্রীভোগান্তি

যান্ত্রিক ত্রুটিতে মেট্রোরেলে ধীরগতি, অফিস সময়ে বাড়ল যাত্রীভোগান্তি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৪৪, ২৩ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেলে বুধবার সকালে সাময়িক ধীরগতি দেখা দিয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে ট্রেন স্টেশনে পৌঁছানোয় সকাল থেকেই বিভিন্ন স্টেশনে যাত্রীদের অপেক্ষার সময় বেড়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে উত্তরা-মতিঝিল ও মতিঝিল-উত্তরা—দুই দিকেই ট্রেন কিছুটা বিলম্বে চলাচল করছে বলে জানা গেছে।

অফিসগামী যাত্রীদের ব্যস্ত সময়ে এই বিলম্বের কারণে কয়েকটি স্টেশনে দ্রুত ভিড় বাড়তে থাকে। বিশেষ করে মিরপুর-১০, শেওড়াপাড়া, আগারগাঁও ও ফার্মগেট স্টেশনের প্ল্যাটফর্মে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি যাত্রী অপেক্ষা করতে দেখা যায়।

নির্ধারিত বিরতিতে দ্রুত ট্রেন পাওয়ার কারণে কর্মব্যস্ত সময়ে মেট্রোরেল রাজধানীবাসীর একটি বড় অংশের নিয়মিত যাতায়াতের মাধ্যম। ফলে ট্রেনের সময়সূচিতে সামান্য পরিবর্তন হলেও তার প্রভাব স্টেশনগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে।

যান্ত্রিক ত্রুটির কারণে এই সাময়িক ধীরগতির কথা জানা গেলেও, এ বিষয়ে এখন পর্যন্ত ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ত্রুটি মেরামতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কখন নাগাদ ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়েও কর্তৃপক্ষের বিস্তারিত তথ্য জানা যায়নি।

এদিকে ট্রেনের অপেক্ষায় দীর্ঘ সময় স্টেশনে থাকতে হওয়ায় অফিসগামীসহ নিয়মিত যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

বিষয়ঃ
শেয়ার করুনঃ
Advertisement