অক্টোবর-নভেম্বরে ১৯ কার্গো এলএনজি আসছে, ঘাটতির আশঙ্কা নেই

অক্টোবর-নভেম্বরে ১৯ কার্গো এলএনজি আসছে, ঘাটতির আশঙ্কা নেই ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:০৩, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আগামী অক্টোবর ও নভেম্বর মাসে দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। চাহিদা বিবেচনায় দুই মাসে মোট ১৯ কার্গো এলএনজি আমদানি নিশ্চিত করা হয়েছে।

পেট্রোবাংলা জানিয়েছে, এর মধ্যে অক্টোবরে ১০ কার্গো এবং নভেম্বরে ৯ কার্গো এলএনজি দেশে পৌঁছানোর কথা রয়েছে। এসব এলএনজি জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ করা হবে।

পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান বলেন, অক্টোবর ও নভেম্বরের এলএনজিবাহী কার্গো নিয়ে কোনো সমস্যা নেই। চাহিদা অনুযায়ী ১৯ কার্গো নিশ্চিত হওয়ায় এলএনজি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহেও ঘাটতির আশঙ্কা নেই।

তিনি জানান, প্রতি মাসেই পরবর্তী তিন মাসের প্রয়োজনীয় এলএনজি সরবরাহ আগাম নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। এর ফলে এলএনজি থেকে গ্যাস সরবরাহে ঘাটতির ঝুঁকি কম থাকবে।

পেট্রোবাংলা ও রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) সূত্রে জানা গেছে, অক্টোবরে আমদানি করা ১০ কার্গোর মধ্যে স্পট মার্কেট থেকে আসবে ৩ কার্গো। দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ২ কার্গো এবং স্বল্পমেয়াদি চুক্তিতে আসবে আরও ৫ কার্গো।

নভেম্বরে ৯ কার্গোর মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ৬ কার্গো এবং স্বল্পমেয়াদি চুক্তিতে ৩ কার্গো এলএনজি আমদানি করা হবে। যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, অ্যাঙ্গোলাসহ বিভিন্ন দেশ থেকে এসব এলএনজি সংগ্রহ করা হয়েছে।

সূত্র জানায়, নির্ধারিত সময় অনুযায়ী কার্গোগুলো দেশে পৌঁছানোর পর সেগুলো থেকে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

আরপিজিসিএলের তথ্য অনুযায়ী, প্রতিটি এলএনজি কার্গোতে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ গ্যাস থাকে। সেই হিসাবে অক্টোবর ও নভেম্বরের ১৯ কার্গোতে মোট প্রায় ৬ কোটি ৮ লাখ এমএমবিটিইউ এলএনজি আমদানির বিষয়টি নিশ্চিত হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement