শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে অগ্রাধিকার: শ্রমমন্ত্রী

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে অগ্রাধিকার: শ্রমমন্ত্রী চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় নারী শ্রমিকদের জন্য নির্মিত ‘শ্রমজীবি মহিলা হোস্টেল ও শ্রমকল্যাণ কেন্দ্র’ পরিদর্শনকালে কথা বলেন। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:১৫, ২ অক্টোবর ২০২৬

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমজীবী নারীদের নিরাপত্তা, অধিকার রক্ষা ও সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার।

শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের কালুরঘাট শিল্প এলাকায় নারী শ্রমিকদের জন্য নির্মিত ‘শ্রমজীবী মহিলা হোস্টেল ও শ্রমকল্যাণ কেন্দ্র’ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

শ্রমমন্ত্রী জানান, কালুরঘাট শিল্প এলাকার শ্রমজীবী নারীদের জন্য নির্মিত মহিলা হোস্টেল ও শ্রমকল্যাণ কেন্দ্রটি দ্রুত চালু করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, কালুরঘাট শিল্প এলাকায় প্রায় দুই লাখ শ্রমিক কাজ করেন, যাদের বড় একটি অংশ নারী। শ্রমজীবী নারীদের নিরাপত্তা, আবাসন ও চিকিৎসাসহ বিভিন্ন সংকট নিরসনে এই স্থাপনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পরিদর্শনকালে মন্ত্রী নারী শ্রমিকদের জন্য নির্মিত হোস্টেল, পাঁচ শয্যাবিশিষ্ট হাসপাতালসহ শ্রমকল্যাণ কেন্দ্রের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

আরিফুল হক চৌধুরী বলেন, স্থাপনাটি নির্মাণে সরকারের কয়েক শ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। তবে নানা কারণে এটি এখনো চালু করা সম্ভব হয়নি। ভবনটির ভবিষ্যৎ ব্যবহার এবং শ্রমজীবী নারীদের কল্যাণে এটি কীভাবে কাজে লাগানো যায়, তা আইনগত ও কারিগরি দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, স্থানীয় সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনা করে একটি সমন্বিত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, শ্রম কল্যাণ সংস্থার কর্মকর্তা, ঠিকাদারি প্রতিষ্ঠান সেনাকল্যাণ সংস্থার প্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement