ট্রেনে স্টারলিংক ইন্টারনেট, কয়েক মাসেই চুরি সরঞ্জাম
Published : ১০:৫৮, ৪ অক্টোবর ২০২৬
যাত্রীদের যাত্রাপথে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা দিতে বাংলাদেশ রেলওয়ের পরীক্ষামূলক উদ্যোগ শুরু হয়েছিল চলতি বছরের মার্চে। পূর্ব ও পশ্চিমাঞ্চলের চারটি আন্তঃনগর ট্রেনে স্টারলিংক প্রযুক্তির মাধ্যমে চালু করা হয় ইন্টারনেট সেবা।
তবে চালুর ছয় মাসও পার হওয়ার আগেই বড় ধরনের সমস্যায় পড়েছে উদ্যোগটি। চারটি ট্রেন থেকেই পর্যায়ক্রমে চুরি হয়েছে ওয়াই-ফাই রাউটার, স্টারলিংক অ্যান্টেনাসহ ইন্টারনেট সংযোগের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম।
রেল কর্তৃপক্ষের দাবি, জনবল সংকটের কারণে ট্রেনের ভেতরে স্থাপন করা মূল্যবান প্রযুক্তি সরঞ্জামের যথাযথ নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না। ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান জানান, এ ধরনের সম্পদ রক্ষায় পর্যাপ্ত জনবল না থাকায় চুরির ঘটনা ঠেকানো কঠিন হয়ে পড়েছে। তিনি ঘটনাগুলোকে দুরভিসন্ধিমূলক বলেও মন্তব্য করেন।
সংশ্লিষ্টদের মতে, যাত্রী পরিবহনে প্রযুক্তিনির্ভর সেবা বাড়লেও অবকাঠামো ও নিরাপত্তার বিষয়টি সমান গুরুত্ব না পেলে এমন উদ্যোগ টেকসই করা কঠিন। ট্রেনে ইন্টারনেট সেবা চালু রাখতে প্রয়োজন সরঞ্জামের নিরাপদ স্থাপন, নিয়মিত নজরদারি এবং প্রযুক্তিগতভাবে দক্ষ জনবল।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, পরীক্ষামূলক পর্যায়ের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতের মূল প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।
বিশেষজ্ঞদের মতে, চুরি ঠেকাতে নিরাপত্তা বাহিনীর নজরদারি বাড়ানোর পাশাপাশি যাত্রীদের মধ্যেও সরকারি সম্পদ রক্ষায় সচেতনতা তৈরি করা জরুরি।




























