মিজোরাম-ত্রিপুরা সীমান্তে পরপর ভূমিকম্প, কাঁপল বাংলাদেশ
Published : ১১:৪৯, ৪ অক্টোবর ২০২৬
ভারত ও মিয়ানমার সীমান্তসংলগ্ন এলাকায় কয়েক দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে মাত্র সোয়া এক ঘণ্টার ব্যবধানে তিনটি ভূমিকম্প অনুভূত হয়।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
এর মাত্র এক মিনিট পর, রাত ১২টা ১৩ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ভারতের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।
পরবর্তীতে রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরার আগরতলা এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।
এসব ভূমিকম্পের কম্পন বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, ফেনীসহ বিভিন্ন এলাকায় অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। শেষ দফার ভূমিকম্পের মৃদু কম্পন ঢাকাসহ দেশের আরও কয়েকটি অঞ্চলেও অনুভূত হয়েছে বলে জানা গেছে।
একই রাতে কাছাকাছি সময়ে একাধিক ভূমিকম্প অনুভূত হওয়ায় সীমান্তবর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।





























