রাডার-রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন, ম্যাসাচুসেটসে মেডিকেল ফ্লাইট নিখোঁজ

রাডার-রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন, ম্যাসাচুসেটসে মেডিকেল ফ্লাইট নিখোঁজ ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১১:৩৮, ৪ অক্টোবর ২০২৬

মাঝ আকাশে রেডিও ও রাডার—দুই ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস উপকূলের কাছে একটি মেডিকেল ফ্লাইট নিখোঁজ হয়েছে। বিমানটিতে দুই পাইলট, দুই মেডিকেল কর্মী, একজন রোগী ও তার স্বজনসহ মোট ছয়জন ছিলেন।

স্থানীয় সময় শনিবার (৩ অক্টোবর) ভোরে বারমুডা থেকে বোস্টনের উদ্দেশে যাত্রা করা গালফস্ট্রিম জি-১০০ বিমানটির সঙ্গে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টার পরপরই বিমানটির সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়।

মার্কিন কোস্টগার্ডের নর্থইস্ট ডিস্ট্রিক্ট জানিয়েছে, ম্যাসাচুসেটসের নানটাকেট দ্বীপের উপকূলবর্তী এলাকায় আকাশ ও সমুদ্রপথে তল্লাশি চালানো হচ্ছে।

ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি রাত ১১টা ৪০ মিনিটে বারমুডার এলএফ ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

তবে গন্তব্যে পৌঁছানোর আগেই বিমানটির গতিপথে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়। প্রায় ২৪ হাজার ফুট উচ্চতা থেকে দ্রুত নেমে প্রায় ১১ হাজার ফুটে চলে আসে বিমানটি। এর কিছুক্ষণ পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমানটির মালিকানা ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্সেসের বলে জানিয়েছে কোস্টগার্ড। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মেডিকেল ফ্লাইট পরিচালনা করে। সংস্থাটির ফ্লাইট অপারেশন্স পরিচালক ক্ল্যারেন্স টোগেরেটজ জানিয়েছেন, বিমানে থাকা দুই পাইলট ও দুই মেডিকেল কর্মী কানাডার নাগরিক। তারা বারমুডা থেকে একজন রোগী ও তার স্বজনকে নিতে গিয়েছিলেন। রোগী ও তার স্বজন কানাডার নাগরিক নন।

রেডিও যোগাযোগের তথ্য অনুযায়ী, উড্ডয়নের পর বিমানটির পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের মধ্যে যোগাযোগে সমস্যা দেখা দেয়। একপর্যায়ে পাইলট জরুরি পরিস্থিতি ঘোষণা করেন বলে পরে নিশ্চিত করে নিয়ন্ত্রণকক্ষ।

এরপর জরুরি উদ্ধারকারী দলকে প্রস্তুত রাখা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিমানটিতে বৈদ্যুতিক সমস্যার কথা উল্লেখ করা হয়েছিল। পরে রেডিও ও রাডার—উভয় যোগাযোগই পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।

নিখোঁজ ছয় আরোহীর সন্ধানে বর্তমানে আকাশ ও সমুদ্রপথে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।

শেয়ার করুনঃ
Advertisement