‘বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান

‘বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৪৯, ৩ অক্টোবর ২০২৬

দেশের পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬’-এর জন্য ১৬ ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোগকে নির্বাচিত করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন, সেবার মান বৃদ্ধি, উদ্ভাবনী উদ্যোগ, ডিজিটাল প্রচার এবং পর্যটনবান্ধব বিভিন্ন কার্যক্রমে অবদানের স্বীকৃতি দিতেই এ পুরস্কারের আয়োজন করা হয়েছে।

পুরস্কারের বিভিন্ন বিভাগে নির্বাচিতদের মধ্যে রয়েছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, যা বর্ষসেরা পাঁচ তারকা হোটেল হিসেবে নির্বাচিত হয়েছে। আর বর্ষসেরা চার তারকা হোটেল হিসেবে নির্বাচিত হয়েছে হোটেল আগ্রাবাদ। এছাড়া ট্যুর অপারেটর, পর্যটন উদ্যোগ, নারী উদ্যোক্তা, পর্যটন সাংবাদিকতা ও সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রের ব্যক্তি ও প্রতিষ্ঠানও রয়েছে তালিকায়।

এবারের পুরস্কারে বর্ষসেরা কনটেন্ট ক্রিয়েটর নির্বাচিত হয়েছেন আবু মোহাম্মদ সালাহউদ্দিন (সুমন)। বর্ষসেরা নারী পর্যটন উদ্যোক্তা হয়েছেন নুরানী শারমিন আফরোজ।

অন্যদিকে বর্ষসেরা ট্যুর গাইড হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সারোয়ার জাহান (মিঠু) এবং বর্ষসেরা পর্যটন সাংবাদিক হয়েছেন মো. নাঈম উল ইসলাম।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের বাছাই কমিটির মাধ্যমে পাওয়া মনোনয়ন যাচাই-বাছাই ও মূল্যায়নের পর বিজয়ীদের নির্বাচন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে পুরস্কার গ্রহণের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement