সরকারি কলেজে বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত
Published : ১৮:০৮, ৬ অক্টোবর ২০২৬
সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়ন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) জারি করা এক অফিস আদেশে মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়ন কার্যক্রম বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের সরকারি কলেজ ও মাদরাসাগুলোতে বর্তমানে প্রায় ১৮ হাজার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা কর্মরত রয়েছেন। তাদের বদলি ও পদায়নের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের ওপর রয়েছে।
দীর্ঘদিন ধরে বদলি ও পদায়নকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, বদলি ও পদায়নের সুযোগ করে দেওয়ার কথা বলে ওই চক্র বিপুল অর্থ আদায় করছে। এ বিষয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
এমন পরিস্থিতিতে বদলি ও পদায়ন প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম স্থগিত থাকবে।






























