ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা আদায়ে কমিটি বাংলাদেশের

ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা আদায়ে কমিটি বাংলাদেশের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:২৭, ৮ অক্টোবর ২০২৬

ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। কমিটিতে ভারতীয় প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে দেশটির কাছে নাম চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মিলনায়তনে ‘পানির ভবিষ্যৎ পুনর্বিবেচনা—যুব নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, পানির ন্যায্য হিস্যা আদায়ের ক্ষেত্রে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আইন এবং দেশের জনগণের পূর্ণ সমর্থন রয়েছে। এই অধিকার প্রতিষ্ঠায় ভারতসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাবে সরকার।

তিনি জানান, জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক পানি সংস্থা গঠনের লক্ষ্যে বাংলাদেশ কাজ করছে। প্রস্তাবিত এই সংস্থার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

ভবিষ্যতে পানি কূটনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের আরও বেশি সম্পৃক্ত করার ওপর জোর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার মতে, তরুণদের বিজ্ঞান, আন্তর্জাতিক আইন ও বহুমাত্রিক দক্ষতায় প্রশিক্ষিত করে দক্ষ ‘পানি কূটনীতিক’ হিসেবে গড়ে তুলতে হবে।

ভারতের সঙ্গে পানির হিস্যা নিয়ে আলোচনার বিষয়ে হুমায়ুন কবির বলেন, সরকার এ বিষয়ে আলোচনা করবে এবং কোনো কিছুতেই ছাড় দেওয়া হবে না।

শেয়ার করুনঃ
Advertisement