টেকনাফে সেনাসদস্য নিহতের ঘটনায় হত্যা, মানবপাচার ও অস্ত্র আইনে তিন মামলা

টেকনাফে সেনাসদস্য নিহতের ঘটনায় হত্যা, মানবপাচার ও অস্ত্র আইনে তিন মামলা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৫১, ১০ নভেম্বর ২০২৬

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সৈনিক মো. তিতাস শেখ নিহতের ঘটনায় হত্যা, মানবপাচার ও অস্ত্র আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে।

এসব মামলায় ৯৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫২ থেকে ৫৯ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ছাড়া অভিযানস্থল থেকে আটক ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকালে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনহাজুল ইসলাম বাদী হয়ে টেকনাফ থানায় হত্যা মামলা করেন।

সূত্র জানায়, গত ৫ নভেম্বর বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গভীর পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালিকে জিম্মি করে রাখে একটি সশস্ত্র মানবপাচারকারী দল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ দল সেখানে অভিযান চালায়।

অভিযান চলাকালে মানবপাচারকারীরা অতর্কিতে গুলিবর্ষণ শুরু করলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখ বাম কাঁধে গুলিবিদ্ধ হন। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

অন্যদিকে, টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদার বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। এর মধ্যে মানবপাচার মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। অস্ত্র মামলায় ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৬ থেকে ১৭ জনকে আসামি করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, সেনাসদস্য নিহতের ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে পৃথক তিনটি মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানস্থল থেকে আটক ছয়জনের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে তাদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement