তিন বছর পর বাংলাদেশে ফিরছেন লাকি আলী, ঢাকা-চট্টগ্রামে দুই কনসার্ট

তিন বছর পর বাংলাদেশে ফিরছেন লাকি আলী, ঢাকা-চট্টগ্রামে দুই কনসার্ট সংগীতশিল্পী লাকি আলী। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১২:১০, ১০ নভেম্বর ২০২৬

তিন বছর পর আবারও বাংলাদেশে আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী লাকি আলী। আগামী ১২ ও ১৩ নভেম্বর ঢাকা ও চট্টগ্রামে দুটি কনসার্টে গান শোনাবেন তিনি।

‘লাকি আলী বাংলাদেশ ট্যুর’ শিরোনামের এ আয়োজন করছে ইকিউব এন্টারটেইনমেন্ট। লজিস্টিক পার্টনার হিসেবে থাকছে ঢাকা ব্রডকাস্ট।

আয়োজনের প্রথম কনসার্টটি হবে ১২ নভেম্বর চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু হোটেলে। পরদিন ১৩ নভেম্বর ঢাকার মাদানী অ্যাভিনিউয়ের শেফস টেবিল কোর্টসাইডে মঞ্চে উঠবেন লাকি আলী। দুটি কনসার্টেই তাঁর সঙ্গে পারফর্ম করবে বাংলাদেশের কয়েকটি ব্যান্ড। তবে ব্যান্ডগুলোর নাম এখনো ঘোষণা করেনি আয়োজকরা।

ঢাকার কনসার্টের টিকিট বিক্রি ইতিমধ্যে শুরু হয়েছে। সাধারণ, প্রিমিয়াম ও ভিআইপি—এই তিন ক্যাটাগরিতে টিকিটের দাম যথাক্রমে ৪ হাজার, ৭ হাজার ও ১২ হাজার টাকা। ইকিউবের ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করা যাচ্ছে।

সম্প্রতি আন্তর্জাতিক সংগীতশিল্পীদের অংশগ্রহণে কয়েকটি কনসার্ট বাতিল হওয়ায় লাকি আলীর কনসার্ট নিয়েও দর্শকদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। এ বিষয়ে আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় অনুমতি নিয়ে আলোচনা করার পরই টিকিট বিক্রি শুরু হয়েছে। কনসার্ট দুটি সফলভাবে আয়োজনের ক্ষেত্রে প্রশাসনের পূর্ণ সহযোগিতা পাওয়ার ব্যাপারেও আশাবাদী তারা।

এর আগে ২০২৩ সালে ঢাকায় গান শুনিয়েছিলেন লাকি আলী। সেবার তাঁর পরিবেশনায় শ্রোতাদের ব্যাপক সাড়া মিলেছিল।

নব্বইয়ের দশকে ইন্ডি-পপ ও বলিউডের সংগীতের মিশেলে নিজস্ব ধারা তৈরি করেন লাকি আলী। ১৯৯৬ সালে প্রকাশিত তাঁর প্রথম একক অ্যালবাম ‘সুনোহ’ তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয়। অ্যালবামের ‘ও সনম’ গানটি এখনো শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।

বলিউডের প্লেব্যাক শিল্পী হিসেবেও রয়েছে তাঁর পরিচিতি। তাঁর কণ্ঠে জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘এক পল কা জিনা’, ‘না তুম জানো না হাম’, ‘আ ভি যা’, ‘জানে কেয়া ঢুন্ডতা হ্যায়’, ‘আহিস্তা’ ও ‘সফরনামা’।

২০১৫ সালের পর ধীরে ধীরে প্লেব্যাক থেকে সরে এসে স্বাধীন সংগীতচর্চায় বেশি মনোযোগী হন এই শিল্পী।

বিষয়ঃ
শেয়ার করুনঃ
Advertisement