সাফজয়ী ফুটবলারদের অভিনন্দন জানালেন উপদেষ্টা আসিফ
Published : ২০:৩৫, ২৮ আগস্ট ২০২৪
বিগত পাঁচ আসরে তিনবার ফাইনাল খেললেও লাল-সবুজের প্রতিনিধিদের শিরোপা অধরা ছিলো। অবশেষে চতুর্থবারের চেষ্টায় ফাইনালে সফলতার গল্প লিখলো বাংলাদেশ।
বাংলাদেশ এবার ফাইনালে নেপালকে উড়িয়ে টুর্নামেন্টের প্রথম শিরোপা জিতেছে। এ সাফল্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাংলাদেশ দলের খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।
বুধবার (২৮ আগস্ট) নেপালের আনফা কমপ্লেক্সে শিরোপা লড়াইয়ে মাঠে নেমেছিল দুই দল। এই ম্যাচে স্বাগতিকদের ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে সফরকারী বাংলাদেশ। সফরকারীরা সেই সঙ্গে গ্রুপ পর্বে ২-১ গোলের হারের মধুর প্রতিশোধ নিয়েছে।
আসিফ মাহমুদ বাংলাদেশের এমন সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেছেন, ক্রীড়াঙ্গণে সফলতা দেশকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। দুর্নীতির থাবা থেকে মুক্ত হলে যে কোনো ক্ষেত্রেই সাফল্য আসবে আরো বড় পরিসরে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় দেশের ফুটবলের জন্য ইতিবাচক।
ভবিষ্যতে ক্রীড়াঙ্গণের সকল পর্যায়ে এ জয়ের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এর আগে ক্রীড়া উপদেষ্টা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছিলেন।
তিনি বলেছিলেন, যোগ্যতার বিচারে খেলোয়াড়দের সুযোগ নিশ্চিত হলে এবং মানসিকভাবে চাপহীন থাকলে আমাদের সফলতা আসবেই।
বিডি/এন


































