মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট হবে না — এনজো ফার্নান্দেজ
Published : ১৫:৩৪, ২২ জুন ২০২৬
বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করা আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হতে যাচ্ছে। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি, নিজের পারফরম্যান্স এবং অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে কথা বলেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
মেসির প্রতি নিজের শ্রদ্ধা প্রকাশ করতে গিয়ে এনজো ২০১৬ সালের একটি স্মৃতির কথা তুলে ধরেন। কোপা আমেরিকার ফাইনালে পরাজয়ের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। সে সময় তাকে উদ্দেশ করে লেখা নিজের খোলা চিঠির কথা স্মরণ করেন এনজো, যেখানে তিনি লিখেছিলেন, “লিও, দয়া করে আমাদের ছেড়ে যেও না।”
সেই প্রসঙ্গ টেনে এনজো বলেন, “আজ যদি আবার লিওকে চিঠি লিখতে বসি, তাহলে তার কাছ থেকে যা শিখেছি, তা লিখে শেষ করতে একটি বইও যথেষ্ট হবে না। তার সঙ্গে খেলতে গিয়ে আমি অসংখ্য বিষয় শিখেছি।”
নিজের ক্যারিয়ারের উন্নয়ন নিয়েও কথা বলেন বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার। তার মতে, গত কয়েক বছরে তিনি অনেক বেশি পরিণত হয়েছেন এবং প্রতিদিন নিজেকে আরও উন্নত করার চেষ্টা করছেন।
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে সতর্কতা জানিয়ে এনজো বলেন, প্রতিপক্ষ দলটি আক্রমণাত্মক ফুটবল খেলে এবং দ্রুতগতির আক্রমণ গড়ে তুলতে সক্ষম। তবে আর্জেন্টিনার লক্ষ্য থাকবে বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখা এবং নিজেদের খেলার ধরন বজায় রাখা।
নিজের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, বর্তমান পজিশনে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং সুযোগ পেলেই দলের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন। বলের নিয়ন্ত্রণে থাকতে পারলে তার আত্মবিশ্বাসও বাড়ে বলে জানান তিনি।
কাতার বিশ্বকাপের অভিজ্ঞতার সঙ্গে এবারের টুর্নামেন্টের তুলনা করতে গিয়ে এনজো বলেন, ২০২২ বিশ্বকাপে প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করলেও পরবর্তীতে দলটি অবিশ্বাস্যভাবে শিরোপা জিতেছিল। এবার জয় দিয়ে শুরু করায় দলের আত্মবিশ্বাস আরও বেড়েছে।
বর্তমান বিশ্ব ফুটবলে প্রতিযোগিতা আগের তুলনায় অনেক বেশি বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি। এনজোর মতে, এখন বড় ও ছোট দলের মধ্যে ব্যবধান কমে এসেছে এবং অনেক দলই চমক দেখানোর সক্ষমতা রাখে।
অস্ট্রিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে নকআউট পর্বের দিকে আরও একধাপ এগিয়ে যাওয়াই এখন আর্জেন্টিনার লক্ষ্য। আর সেই যাত্রায় দলের অন্যতম অনুপ্রেরণা হয়ে আছেন অধিনায়ক লিওনেল মেসি।


































