বিশ্বকাপে ম্যাচসেরা নির্বাচন করেন কারা? কীভাবে দেন

বিশ্বকাপে ম্যাচসেরা নির্বাচন করেন কারা? কীভাবে দেন ম্যাচসেরার পুরস্কারে এবার দাপট দেখাচ্ছেন ভিনিসিয়াস ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ২০:৩৬, ২৫ জুন ২০২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ শুরু থেকেই দারুণ পারফরম্যান্স দেখাচ্ছেন বিশ্ব ফুটবলের তারকারা। ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র ইতোমধ্যেই তিনবার ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। অন্যদিকে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি দলের প্রথম দুই ম্যাচেই সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এছাড়া কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেন ও আর্লিং হালান্ডও ম্যাচসেরার স্বীকৃতি পেয়েছেন।

তবে সম্প্রতি ঘানার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে ম্যাচসেরা নির্বাচিত হওয়ার পর ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহাম এ পুরস্কার নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, ওই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার ঘানার কোনো ডিফেন্ডারের প্রাপ্য ছিল।

বেলিংহামের এমন মন্তব্যের পর অনেকের মনে প্রশ্ন উঠেছে—বিশ্বকাপে ম্যাচসেরা খেলোয়াড় কীভাবে নির্বাচন করা হয়?

ক্লাব ফুটবলের বিভিন্ন প্রতিযোগিতায় সাধারণত ধারাভাষ্যকার বা বিশেষজ্ঞ প্যানেল ম্যাচসেরা নির্বাচন করেন। তবে ফিফা বিশ্বকাপে সেই দায়িত্ব দেওয়া হয়েছে সমর্থকদের। ফিফার নিয়ম অনুযায়ী, ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার পর থেকে খেলা শেষ হওয়া পর্যন্ত দর্শকরা ফিফার প্লে জোন অ্যাপ ও অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ভোট দিতে পারেন। সেই ভোটের ভিত্তিতেই নির্ধারিত হয় ম্যাচের সেরা খেলোয়াড়।

ফলে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি খেলোয়াড়ের জনপ্রিয়তাও অনেক সময় এই পুরস্কার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশ্বকাপে ম্যাচসেরার পুরস্কার চালু হয় ২০০২ সালে। সেই আসরে প্রথমবার এই সম্মান পান সেনেগালের সাবেক তারকা ফুটবলার এল হাজি দিয়ুফ।

সবচেয়ে বেশি ম্যাচসেরার পুরস্কার জয়ের রেকর্ড এখনো লিওনেল মেসির দখলে। চলতি আসরে আরও দুটি পুরস্কার জিতে তিনি বিশ্বকাপে মোট ১৩ বার ম্যাচসেরা হওয়ার কীর্তি গড়েছেন।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে তিনি সাতবার ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুনঃ
Advertisement