বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত ভারতের

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত ভারতের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:২১, ২৫ জুন ২০২৬

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন (ট্যুরিস্ট) ভিসা কার্যক্রম পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, প্রাথমিকভাবে দেশের পাঁচটি ভিসা আবেদন কেন্দ্র থেকে ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে। কেন্দ্রগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী। পর্যায়ক্রমে অন্যান্য ভিসা কেন্দ্রও চালু করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট তৎকালীন রাজনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণে বাংলাদেশে ভারতের সব ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। পরবর্তীতে কূটনৈতিক ও নিরাপত্তাজনিত পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে একই বছরের ২১ ডিসেম্বর থেকে ট্যুরিস্ট ভিসা কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

দীর্ঘ বিরতির পর ভারতীয় কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে বাংলাদেশি ভ্রমণপ্রত্যাশীদের জন্য দেশটিতে পর্যটন, চিকিৎসা ও ব্যক্তিগত সফরের সুযোগ আবারও উন্মুক্ত হতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শেয়ার করুনঃ
Advertisement