ছয় দেশের নাগরিকদের জন্য ‘ভিসা অন অ্যারাইভাল’ চালু করল আমিরাতের
Published : ২০:১৯, ২৫ জুন ২০২৬
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ছয় দেশের নাগরিকদের জন্য ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা চালু করেছে। নতুন এই ব্যবস্থার আওতায় ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার সাধারণ পাসপোর্টধারীরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ইউএইতে পৌঁছেই ভিসা নিতে পারবেন।
বৃহস্পতিবার (২৫ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আবেদনকারীদের যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য রাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অথবা কানাডা কর্তৃক ইস্যুকৃত বৈধ আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্স পারমিট) থাকতে হবে। এই শর্ত পূরণ করলে তারা ১৪ দিন অথবা ৬০ দিনের ভিসা পাওয়ার সুযোগ পাবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে অংশীদার দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে এবং অর্থনৈতিক, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে। একই সঙ্গে পর্যটন, ব্যবসা ও বিনিয়োগ খাতে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।
পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তা বিষয়ক ফেডারেল কর্তৃপক্ষ (আইসিপি) জানিয়েছে, ইউএইর ভিসা কাঠামো আধুনিকায়ন এবং আন্তর্জাতিক ভ্রমণ সহজ করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের তথ্যমতে, ১৪ দিনের ভিসার জন্য ১০০ দিরহাম এবং ৬০ দিনের ভিসার জন্য ২৫০ দিরহাম ফি নির্ধারণ করা হয়েছে। ১৪ দিনের ভিসা একবার নবায়নের সুযোগ থাকলেও ৬০ দিনের ভিসা নবায়নযোগ্য নয়। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে প্রতিদিন ৫০ দিরহাম হারে জরিমানা গুনতে হবে।
































