লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:১৫, ২৫ জুন ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে এক মর্মান্তিক ঘটনায় মা ও তার দুই মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরও এক সদস্য। পরে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক এক যুবককে গণপিটুনি দিলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১) এবং ছোট মেয়ে শিফা আক্তার (৯)। সায়মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আহত ইকরা আক্তার (১৭) স্থানীয় কাজী ফারুকী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে গণপিটুনিতে নিহত যুবকের নাম অন্তর মজুমদার। তিনি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক বছর আগে স্বামীকে হারানোর পর শাহিনুর বেগম তার সন্তানদের নিয়ে রায়পুরের ওই বাসায় বসবাস করতেন। বৃহস্পতিবার সকালে এক যুবক বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শাহিনুর বেগম ও তার তিন মেয়ের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই শাহিনুর বেগম ও তার ছোট মেয়ে শিফা নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর বড় মেয়ে সায়মাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

হামলার পর পালানোর সময় স্থানীয় লোকজন অভিযুক্ত অন্তর মজুমদারকে আটক করে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে গিয়ে ইটপাটকেলের আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসকরা জানান, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার আবু তারেক বলেন, ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement