ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক
Published : ২০:২৪, ২৫ জুন ২০২৬
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তিন বিচারক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন। তাদের অভিযোগ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা ছিল বেআইনি এবং বিচারিক স্বাধীনতার ওপর হস্তক্ষেপের শামিল।
বুধবার (২৪ জুন) নিউইয়র্কের ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে দায়ের করা মামলায় কানাডার বিচারক কিম্বার্লি প্রোস্ট, উগান্ডার বিচারক সোলোমি বালুঙ্গি বোসা এবং বেনিনের বিচারক রেইন অ্যাডেলেইড সোফি আলাপিনি-গানসু দাবি করেন, তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে এবং শাস্তি দেওয়ার উদ্দেশ্যেই ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
২০২৫ সালে আইসিসির কয়েকজন বিচারকের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। এর পেছনে আদালতের দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল বলে উল্লেখ করা হয়—গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং আফগানিস্তানে মার্কিন সেনাদের সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত শুরু।
নিষেধাজ্ঞার আওতায় বিচারকদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ ও আর্থিক হিসাব জব্দ করা হয়। পাশাপাশি মার্কিন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে তাদের আর্থিক বা বাণিজ্যিক লেনদেনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
মামলায় বিচারকরা যুক্তি দিয়েছেন, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (আইইইপিএ) ব্যবহার করে এই নিষেধাজ্ঞা আরোপের কোনো বৈধ ভিত্তি ছিল না। তাদের মতে, প্রকৃত কোনো জাতীয় জরুরি অবস্থা বা অসাধারণ হুমকি ছাড়াই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তারা আরও অভিযোগ করেন, নিষেধাজ্ঞার কারণে ব্যাংকিং সেবা, ক্রেডিট কার্ড ব্যবহার, অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ, ভ্রমণ বুকিং এবং স্বাস্থ্যবিমাসহ বিভিন্ন মৌলিক সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। ফলে তাদের পেশাগত ও ব্যক্তিগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মামলায় বলা হয়, এসব পদক্ষেপের লক্ষ্য ছিল বিচারকদের ওপর চাপ সৃষ্টি করা, যাতে তারা ভবিষ্যতে আইন ও প্রমাণের পরিবর্তে ব্যক্তিগত ঝুঁকি বিবেচনায় সিদ্ধান্ত নিতে বাধ্য হন।
উল্লেখ্য, ২০০২ সালে প্রতিষ্ঠিত আইসিসি গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের বিচার করে থাকে। বর্তমানে আদালাটির ১২৫টি সদস্য রাষ্ট্র রয়েছে। তবে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও ইসরায়েলসহ কয়েকটি দেশ আইসিসির এখতিয়ার স্বীকার করে না।
































