বাংলাদেশ সফর নিয়ে ভারত সরকারের অনুমতির অপেক্ষায় বিসিসিআই

বাংলাদেশ সফর নিয়ে ভারত সরকারের অনুমতির অপেক্ষায় বিসিসিআই ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১১:৩৫, ১০ আগস্ট ২০২৬

ভারতীয় ক্রিকেট দলের প্রস্তাবিত বাংলাদেশ সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বাংলাদেশে গিয়ে সিরিজ খেলার অনুমতি ও প্রয়োজনীয় নির্দেশনা পেতে ভারত সরকারের দ্বারস্থ হবে বোর্ডটি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও ক্রিকেটীয় সম্পর্কের কারণে সরকারের অনুমতি ছাড়া সফরের বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নিতে পারছে না বিসিসিআই।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, বাংলাদেশ সফরের বিষয়ে তারা কাজ করছেন। সরকারের কাছে অনুমতি ও প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হবে। এ পর্যায়ে বোর্ড নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। শিগগিরই সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যে সফরের বিষয়ে বিসিসিআইকে চিঠি দিয়েছে। দুই বোর্ডের মধ্যে নিয়মিত যোগাযোগও চলছে। শিগগিরই সফরটি নিয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন ওই কর্মকর্তা।

যে সূচিতে হওয়ার কথা সিরিজ

প্রস্তাবিত সফরের জন্য ২৯ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় রেখেছে বিসিবি। সংশোধিত সূচি অনুযায়ী তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা দুই দলের।

ওয়ানডে ম্যাচগুলো হওয়ার কথা ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। আর টি-টোয়েন্টির সম্ভাব্য তারিখ ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর। সূচি ঠিক থাকলে ২৮ আগস্ট বাংলাদেশে আসার কথা ভারতীয় দলের।

তবে পুরো সফরই এখন ভারত সরকারের অনুমোদনের ওপর নির্ভর করছে। দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের কারণে বিসিসিআই সরকারের সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছে।

মোস্তাফিজকে ঘিরে তৈরি হয় উত্তেজনা

গত জানুয়ারিতে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) দল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল বিসিসিআই। নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা। ওই নিলামে দল পাওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটারও ছিলেন মোস্তাফিজ।

মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে নিরাপত্তাশঙ্কা ও সরকারের পরামর্শের কথা জানিয়ে ভারতে অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি।

এরপর বাংলাদেশ সরকার দেশে আইপিএলের সম্প্রচার ও প্রচারণাও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়।

এর আগে ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। পরে দুই বোর্ডের আন্তর্জাতিক ব্যস্ততার কথা জানিয়ে সিরিজটি ২০২৬ সালের সেপ্টেম্বরে পিছিয়ে দেওয়া হয়।

তবে বর্তমান পরিস্থিতিতে নির্ধারিত সময়েও সফরটি হবে কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত এখন ভারত সরকারের হাতে।

শেয়ার করুনঃ
Advertisement