বিশ্বকাপে সরাসরি খেলার পথে বাংলাদেশ, কঠিন সমীকরণে ওয়েস্ট ইন্ডিজ
Published : ১৮:২৭, ৯ আগস্ট ২০২৬
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে বেশ ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে বিশ্বকাপে জায়গা করে নিতে কঠিন সমীকরণের মুখে পড়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের জয়ের পর ক্যারিবীয়দের পরিস্থিতি আরও কঠিন হয়েছে।
আফগানিস্তানের জয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের আট নম্বর অবস্থান আরও শক্ত হয়েছে তাদের। বিপরীতে ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজকে এখন তাকিয়ে থাকতে হচ্ছে নিজেদের শেষ দুই ম্যাচের দিকে। সেই দুই ম্যাচ আবার শক্তিশালী ভারতের বিপক্ষে, ভারতের মাটিতে।
বাংলাদেশের অবস্থান স্বস্তিদায়ক
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে মোট ১৪টি দল। সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা পেয়েছে। বাকি দলগুলোর মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আটটি দল সরাসরি বিশ্বকাপে খেলবে।
তবে আয়োজক জিম্বাবুয়ে র্যাঙ্কিংয়ের সেরা আটে না থাকায় সেরা নয়টি দলের একটি দলও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
এই সমীকরণে বাংলাদেশের অবস্থান বেশ গুরুত্বপূর্ণ। বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ে নবম স্থানে রয়েছে বাংলাদেশ, তাদের রেটিং ৮৩। ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৭। অর্থাৎ দুই দলের মধ্যে ব্যবধান ৬ রেটিং পয়েন্ট।
বাংলাদেশের জন্য সবচেয়ে স্বস্তির বিষয় হলো, আগামী ৩০ সেপ্টেম্বরের আগে তাদের আর কোনো ওয়ানডে ম্যাচ নেই। ফলে এ সময়ে বাংলাদেশের রেটিং কমার বা বাড়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ বর্তমান অবস্থান ধরে রাখার সুযোগ রয়েছে লিটন দাসের দলের।
ভারতের বিপক্ষে কঠিন পরীক্ষা ওয়েস্ট ইন্ডিজের
অন্যদিকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে অন্তত নবম স্থানে উঠতে হবে সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে। ভারতের বিপক্ষে দুই ম্যাচে ভালো ফল করে রেটিং বাড়ানো তাদের জন্য কঠিন চ্যালেঞ্জ।
এমনকি ভারতের বিপক্ষে সিরিজ জিতলেও ওয়েস্ট ইন্ডিজের র্যাঙ্কিংয়ের সেরা আটে ওঠার সুযোগ নেই। বাংলাদেশের ৮৩ রেটিং পয়েন্ট টপকে নবম স্থান দখল করাও তাদের জন্য কার্যত অসম্ভব হয়ে পড়েছে।
বাংলাদেশের সঙ্গে ছয় রেটিং পয়েন্টের ব্যবধান এবং বাংলাদেশের হাতে কোনো ম্যাচ না থাকায় এই ব্যবধান কমানোর সুযোগও খুব সীমিত ক্যারিবীয়দের।
টানা তৃতীয়বার বাছাইপর্বের শঙ্কা
পরিস্থিতির পরিবর্তন না হলে টানা তৃতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হতে পারে ওয়েস্ট ইন্ডিজকে।
বিশ্বকাপের বাছাইপর্ব অবশ্য ক্যারিবীয়দের জন্য নতুন কিছু নয়। ২০১৯ ও ২০২৩—দুই আসরেই তাদের বাছাইপর্ব খেলতে হয়েছিল। ২০১৯ সালে বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে উঠলেও ২০২৩ সালে ব্যর্থ হয় তারা।
জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপের বাছাইপর্বের সুপার সিক্সে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের কাছে হারের পর স্কটল্যান্ডের বিপক্ষেও হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে বিশ্বকাপের মূল পর্বে ওঠার স্বপ্ন শেষ হয়ে যায় তাদের।
সেটিই ছিল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার, যখন ওয়েস্ট ইন্ডিজ মূল পর্বে জায়গা করতে ব্যর্থ হয়। এবারও সেই শঙ্কা থেকে এখনো মুক্ত হতে পারেনি দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


































