ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল নিলামে

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল নিলামে ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১৭:১২, ৮ আগস্ট ২০২৬

ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত দুই গোল ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’র সাক্ষী সেই ঐতিহাসিক বল এবার উঠছে নিলামে। দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত সেই বলটির দাম উঠতে পারে প্রায় ১ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২৫ কোটি টাকা।

১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে ব্যবহার করা হয়েছিল বলটি। সেই ম্যাচেই ম্যারাডোনা প্রথমে হাত দিয়ে বিতর্কিত গোল করে ‘হ্যান্ড অব গড’ নামে ইতিহাসে জায়গা করে নেন। এরপর মাঝমাঠ থেকে অসাধারণ একক নৈপুণ্যে ইংল্যান্ডের একের পর এক খেলোয়াড়কে কাটিয়ে করেন বিখ্যাত ‘গোল অব দ্য সেঞ্চুরি’। দুটি গোলই হয়েছিল একই বল দিয়ে।

চার দশক পর বলটির চামড়া এখন জীর্ণ হয়ে গেছে এবং ভেতরের বাতাসও অনেকটাই বেরিয়ে গেছে। মাঠে খেলার উপযোগী না হলেও ঐতিহাসিক গুরুত্বের কারণে এটি এখন ফুটবল বিশ্বের অন্যতম মূল্যবান স্মারকে পরিণত হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক হেরিটেজ অকশনস আগামী ২১ আগস্ট নিলাম শুরু করবে। ২৩ আগস্ট বিজয়ী ক্রেতার নাম ঘোষণা করা হবে। নিলামের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ লাখ মার্কিন ডলার। তবে প্রতিষ্ঠানটির প্রত্যাশা, শেষ পর্যন্ত দাম ১ কোটি ডলারে পৌঁছাতে পারে।

হেরিটেজ অকশনসের ক্রীড়া বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড্যান ইমলার সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, তাঁর বিশ্বাস, ফুটবল ইতিহাসের সবচেয়ে স্মরণীয় বলগুলোর মধ্যে এটি অন্যতম।

ম্যারাডোনার স্মারকের দাম আগেও চমকে দিয়েছে

ম্যারাডোনার স্মারকের বাজারমূল্য এর আগেও নজর কেড়েছে। ২০২২ সালে একই ম্যাচে তাঁর পরা আর্জেন্টিনার নীল-সাদা জার্সি ৯৩ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার স্টিভ হজ ৩৬ বছর জার্সিটি নিজের কাছে রাখার পর ব্রিটিশ নিলাম প্রতিষ্ঠান সদবিসের মাধ্যমে সেটি বিক্রি করেন।

এবার সেই রেকর্ডকেও চ্যালেঞ্জ করতে পারে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বলটি।

অ্যাডিডাসের ‘অ্যাজটেকা’ মডেলের এই বল বিশ্বকাপ ইতিহাসে প্রথম কৃত্রিম উপাদানে তৈরি অফিসিয়াল ম্যাচ বল হিসেবে পরিচিত। ম্যাচটির রেফারি তিউনিসিয়ার আলি বিন নাসের দীর্ঘদিন বলটি নিজের কাছে সংরক্ষণ করেছিলেন।

এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপ চলাকালে বলটি প্রথমবার নিলামে ওঠে। সে সময় অজ্ঞাতপরিচয় এক ক্রেতা ২৩ লাখ ৭০ হাজার মার্কিন ডলারে বলটি কিনে নেন। তখন এটিই ছিল সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ফুটবল।

তবে ২০২৪ সালে সেই রেকর্ড ভেঙে যায়। বেসবল তারকা শোহেই ওহতানির খেলা একটি বেসবল ৪৩ লাখ ৯২ হাজার ডলারে বিক্রি হয়।

সব ধরনের ক্রীড়া স্মারকের মধ্যে সর্বোচ্চ দামের রেকর্ড এখনো ১৯৫২ সালের কিংবদন্তি বেসবল খেলোয়াড় মিকি ম্যান্টলের একটি সংগ্রহযোগ্য কার্ডের দখলে। ২০২২ সালে সেটি ১ কোটি ২৬ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল।

ফুটবলের আবেগ, বিতর্ক ও ইতিহাসের প্রতীক হয়ে ওঠা ম্যারাডোনার সেই বল এবার নতুন কোনো রেকর্ড গড়তে পারে কি না, এখন সেদিকেই নজর ক্রীড়াপ্রেমীদের।

শেয়ার করুনঃ
Advertisement