একাদশে ভর্তিতে সাড়ে ১৩ লাখের বেশি আসন খালি থাকবে

একাদশে ভর্তিতে সাড়ে ১৩ লাখের বেশি আসন খালি থাকবে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:০৭, ১০ আগস্ট ২০২৬

চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কলেজগুলোতে প্রায় ২৫ লাখ আসন রয়েছে। তবে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমে যাওয়ায় এর মধ্যে সাড়ে ১৩ লাখের বেশি আসন খালি থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান।

সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী পাস করেছে। গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। ফলে কলেজ পর্যায়ে পাস করা শিক্ষার্থীর তুলনায় আসন সংখ্যা দ্বিগুণেরও বেশি থাকছে।

সৈয়দ আক্তারুজ্জামান জানান, একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে।

এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশীয় পয়েন্ট।

ছাত্রীদের পাস ও জিপিএ-৫ বেশি

সাধারণ শিক্ষা বোর্ডে এবার ছাত্রদের তুলনায় ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী পাস করেছে। একইভাবে ছাত্রদের চেয়ে ১১ হাজার ৪০১ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১৯ হাজার ৯ জন।

বেড়েছে শূন্য পাসের প্রতিষ্ঠান

এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ৫৭টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি। গত বছর এ সংখ্যা ছিল ৪৮টি।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে হয়েছে ২২৬টি, যা গত বছর ছিল ৮৬টি।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে এবার ২৯টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি। গত বছর কারিগরি শিক্ষা বোর্ডে শূন্য পাস করা কোনো প্রতিষ্ঠান ছিল না।

এদিকে একটি বিশেষ পরীক্ষাকেন্দ্রের তথ্য অনুযায়ী, সেখানে ৪০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫৪ জন পাস করেছে। ওই কেন্দ্রে পাসের হার ৮৮ দশমিক ০৬ শতাংশ। সেখানে দুটি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে একটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

শেয়ার করুনঃ
Advertisement