সেপ্টেম্বরের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা

সেপ্টেম্বরের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১১:৩৭, ৯ আগস্ট ২০২৬

সেপ্টেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তাবিত সাদা বলের সিরিজ আয়োজন নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার কারণে সিরিজটি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারাও এখন খুব একটা আশাবাদী নন। তবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত অপেক্ষা করতে চায় বিসিবি।
গত ৫ আগস্ট দিল্লি থেকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দলের কয়েকজন নেতা ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেন। এ ঘটনায় বাংলাদেশ সরকারের অসন্তোষ এবং দুই দেশের মধ্যে নতুন করে তৈরি হওয়া কূটনৈতিক টানাপোড়েন ভারতের ক্রিকেট দলের সফরকে আরও অনিশ্চিত করে তুলেছে।
শনিবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, দিল্লিতে বসে বাংলাদেশের গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করা ও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির মতো বক্তব্য দেওয়ার সুযোগ রেখে ভারতের কাছ থেকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আশা করা যায় না।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরের সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে বলেই মনে করছেন বিসিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘সাম্প্রতিক ঘটনাগুলোর পর সিরিজটি নিয়ে আমি এখন সন্দিহান। ওপাশ থেকে কোনো সাড়া পাব বলে মনে হচ্ছে না। হাতে সময়ও খুব বেশি নেই।’
সিরিজটি নির্ধারিত সময়ে আয়োজন করা সম্ভব হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার তা মনে হয় না। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু বিষয়টি এখন আর আমাদের নিয়ন্ত্রণে নেই। আনুষ্ঠানিকভাবে বাতিল না হওয়া পর্যন্ত আমরা কেবল আশা করতে পারি।’
চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ অংশ নেয়নি। এরপর থেকেই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেও দূরত্ব তৈরি হয়। ফেব্রুয়ারির নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ায় পরিস্থিতি বদলানোর আশা তৈরি হয়েছিল।
বিসিবি সভাপতি তামিম ইকবালও ভারতের সফর নিশ্চিত করতে সরকারের সহায়তা চেয়েছিলেন। আর্থিকভাবেও সিরিজটি বিসিবির জন্য গুরুত্বপূর্ণ। ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ হলে সম্প্রচারস্বত্ব, পৃষ্ঠপোষকতা ও টিকিট বিক্রি থেকে বড় অঙ্কের আয় করার সুযোগ থাকে।
তবে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহে সেই আশা এখন অনেকটাই ফিকে হয়ে এসেছে। ভারত সর্বশেষ ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ সফর করেছিল। সেপ্টেম্বরে প্রস্তাবিত সিরিজটি শেষ পর্যন্ত না হলে দুই দলের দ্বিপক্ষীয় লড়াইয়ের অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে।

শেয়ার করুনঃ
Advertisement