চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:১০, ১০ আগস্ট ২০২৬

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৮ শতাংশ। এ বোর্ডে মোট ৭৭ হাজার ৪৫৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফল অনুযায়ী, এবার এ বোর্ড থেকে মোট ১ লাখ ৩০ হাজার ৬৮২ জন শিক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। অনুপস্থিত ছিল ৪৬৩ জন।

ফলাফলে দেখা গেছে, বরাবরের মতো এবারও চট্টগ্রাম বোর্ডে ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হারে এগিয়ে রয়েছে। ছাত্রীদের পাসের হার ৬০ দশমিক ০৩ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ৭৬ শতাংশ।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৪৪ হাজার ৪২০ জন ছাত্রী এবং ৩৩ হাজার ৩৩ জন ছাত্র। এ বছর চট্টগ্রাম বোর্ডে মোট ৫২ হাজার ৭৬৬ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

 

জাতীয় চিত্র

এবার দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। সে তুলনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ, যা জাতীয় সাধারণ শিক্ষা বোর্ডগুলোর গড়ের চেয়ে কম।

অন্যদিকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ দেশের সব শিক্ষা বোর্ড মিলিয়ে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সার্বিক পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।

শেয়ার করুনঃ
Advertisement