ফিফটি হলো না, তবু বিশ্বরেকর্ড গড়লেন শেফালি

ফিফটি হলো না, তবু বিশ্বরেকর্ড গড়লেন শেফালি শেফালি ভার্মা

স্পোর্টস ডেস্ক

Published : ১৬:৫৫, ২২ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের ফাইনালে মাত্র ২ রান দূরে থেকে ফিফটি মিস করেছেন শেফালি ভার্মা। তবে ২৯ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংসেই নতুন বিশ্বরেকর্ড নিজের করে নিয়েছেন ভারতের এই ওপেনার।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাপানের নিশিনে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়ান গেমসের নারী ক্রিকেটের ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২১৬ রানের বিশাল সংগ্রহ গড়ে ভারত। দলের বড় পুঁজির পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা ও রিচা ঘোষ।

শেফালি ও মান্ধানার উদ্বোধনী জুটিতে মাত্র ১০ ওভারে আসে ৯৯ রান। এই জুটির সুবাদে আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো কোনো ওপেনিং জুটি ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করে। বর্তমানে তাদের জুটির মোট রান ৪ হাজার ৮০।

১০ম ওভারে রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হওয়ার আগে শেফালি করেন ৪৮ রান। তার ইনিংসে ছিল তিনটি চার ও তিনটি ছক্কা।

এই ইনিংসের পর ২০২৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শেফালির মোট রান দাঁড়িয়েছে ৮৬৩। সাতটি ফিফটি ও একটি সেঞ্চুরিসহ এই রান করে এক পঞ্জিকাবর্ষে মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন ২২ বছর বয়সী এই ব্যাটার।

এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ইশা ওঝা। ২০২৫ সালে তিনি করেছিলেন ৭৭৯ রান। শেফালির আগে চলতি বছরে সর্বোচ্চ রান করা ব্যাটার ছিলেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, যার সংগ্রহ ৮২৪ রান।

এদিকে শ্রীলঙ্কার সামনে এখন ২১৭ রানের লক্ষ্য। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এত বড় লক্ষ্য তাড়া করে জয়ের নজির নেই। ফলে স্বর্ণ জিততে হলে লঙ্কানদের গড়তে হবে নতুন ইতিহাস।

শেয়ার করুনঃ
Advertisement