সেমিফাইনালের পর তৃতীয় স্থানেও হার, এশিয়ান গেমস থেকে খালি হাতে বাংলাদেশ

সেমিফাইনালের পর তৃতীয় স্থানেও হার, এশিয়ান গেমস থেকে খালি হাতে বাংলাদেশ ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১৬:৫৯, ২২ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসে ভারতের কাছে সেমিফাইনালে হেরে স্বর্ণের দৌড় থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর ব্রোঞ্জ পদকের সুযোগ থাকলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে হেরে সেই সম্ভাবনাও শেষ হয়েছে।

মঙ্গলবার জাপানের নিশিনে পাকিস্তানের বিপক্ষে ৩১ রানে হেরে এশিয়ান গেমসে নারী ক্রিকেটে চতুর্থ হয়ে অভিযান শেষ করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি পাকিস্তান। বাংলাদেশের বোলারদের দারুণ বোলিংয়ে ১১.৪ ওভারের মধ্যেই ৬৭ রানে ৫ উইকেট হারায় তারা। তবে এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা ও আলিয়া রিয়াজ।

ষষ্ঠ উইকেটে ৬৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে বের করে আনেন দুজন। ফাতিমা ৩০ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৩টি চার ও ৩টি ছক্কা। আলিয়া করেন ২২ বলে ২৫ রান। এর আগে গুল ফিরোজার ব্যাট থেকে আসে ৩১ রান।

বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার, স্বর্ণা আক্তার ও রিতু মনি নেন দুটি করে উইকেট। শেষ পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৪৫ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ২০ রানের মধ্যেই জুয়াইরিয়া ফেরদৌস, দিলারা আক্তার ও সোবহানা মোস্তারির উইকেট হারায় দল।

এরপর নিগার সুলতানা ও শারমিন আক্তার মিলে ৪৭ রানের জুটি গড়ে ম্যাচে ফেরার চেষ্টা করেন। কিন্তু ৩০ বলে ২৫ রান করে নিগার আউট হওয়ার পর বাংলাদেশের জয়ের আশা আরও কঠিন হয়ে পড়ে।

এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যান শারমিন। ৪৫ বলে ৪৬ রানে অপরাজিত থাকলেও দলকে জয়ের কাছে নিতে পারেননি তিনি। ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ থামে ৭ উইকেটে ১১৪ রানে।

পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল উম্মে হানি। তিনি একাই তুলে নেন ৩ উইকেট।

ফলে এশিয়ান গেমসে স্বর্ণ কিংবা ব্রোঞ্জ—কোনোটিই জেতা হলো না বাংলাদেশের। চতুর্থ স্থান নিয়েই আসর শেষ করতে হলো জ্যোতির দলকে।

শেয়ার করুনঃ
Advertisement