নারী এল ক্লাসিকোয় রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সা

নারী এল ক্লাসিকোয় রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সা ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১৫:১০, ৫ অক্টোবর ২০২৬

নারী এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ইতিহাস গড়েছে বার্সেলোনা। রোববার (৪ অক্টোবর) স্পটিফাই ক্যাম্প ন্যুতে রিয়ালকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সা। ম্যাচে একাই চার গোল করে আলো ছড়িয়েছেন ক্লাউদিয়া পিনা। নারী এল ক্লাসিকোয় এটি বার্সেলোনার সবচেয়ে বড় জয়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। মাত্র চতুর্থ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন পিনা। এরপর ২৮ ও ৩২ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৩৩ মিনিটে ক্যারোলিন গ্রাহাম হ্যানসেনের গোলে প্রথমার্ধেই ব্যবধান দাঁড়ায় ৪-০।

বিরতির ঠিক আগে আবারও জালের দেখা পান পিনা। ৪৫ মিনিটে নিজের চতুর্থ গোল করে বার্সাকে ৫-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এর মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চার গোল করা বার্সার প্রথম খেলোয়াড় হওয়ার কীর্তিও গড়েন পিনা।

দ্বিতীয়ার্ধেও রিয়ালকে ম্যাচে ফেরার সুযোগ দেয়নি বার্সেলোনা। ৫৫ মিনিটে এভা পায়োরের গোলে ব্যবধান হয় ৬-০। ম্যাচের শেষদিকে ৮৮ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে সপ্তম গোলটি করেন সিডনি শের্টেনলাইব।

ম্যাচে ৪০ হাজার ৫৩৩ দর্শক উপস্থিত ছিলেন, যা নারী স্প্যানিশ লিগ Liga F-এর ইতিহাসে নতুন দর্শক রেকর্ড।

এই জয়ে ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। অন্যদিকে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৩।

শেয়ার করুনঃ
Advertisement