ভারতকে দ্বিপক্ষীয় আলোচনার সুযোগ কাজে লাগানোর আহ্বান শামা ওবায়েদের
Published : ১৯:১৪, ১৩ আগস্ট ২০২৬
দুই দেশের সরকারপ্রধানেরা যখন বৈঠকে বসেন এবং দ্বিপক্ষীয় আলোচনা করেন, তখন অনেক সমস্যা সমাধানের সুযোগ তৈরি হয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এই সুযোগ ভারতকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর হলে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন কমার সুযোগ তৈরি হবে কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, যেকোনো সময় দুই দেশের সরকারপ্রধানেরা কথা বললে এবং দ্বিপক্ষীয় আলোচনা হলে অনেক সমস্যা সমাধানের সুযোগ থাকে। সেই সুযোগ এখনো রয়েছে।
তিনি বলেন, ‘ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা।’
জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামি ভারতের মাটিতে বসে কথা বললে বাংলাদেশের জনগণ তা ভালোভাবে নেয় না।
শামা ওবায়েদ বলেন, জুলাইয়ের ঘটনা এখনো মানুষের মনে জাগ্রত আছে। সেই জায়গা থেকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সংবেদনশীল হওয়ার প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী যখন মুখোমুখি বসবেন, তখন অনেক সমস্যার সমাধান করা সম্ভব। ভারত বিষয়টি মনে রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান ও ভারত সফর নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এখন পর্যন্ত কোনো সফরের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করা হয়নি।
শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী কবে জাপান সফর করবেন, সেটিও এখনো ঠিক হয়নি। দুই দেশের জন্য উপযুক্ত সময়ে সফরের দিনক্ষণ নির্ধারণ করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে দেশের বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন। ভারত সফরসহ অন্যান্য দেশে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করেই সফরের সময়সূচি চূড়ান্ত করা হবে।


































